প্রগতি ত্রিপুরা, ২৪ সেপ্টেম্বর, ২০২৬: আজ উদয়পুরের রাজর্ষি হলে উদয়পুর ট্রেজারি এবং অর্থ দপ্তরের উদ্যোগে রাজ্য সরকারের কর্মচারিদের ই-পেনশন, ই-সার্ভিসবুক, ই-স্যালারি ইত্যাদি বিষয়ে একদিনের এক কর্মশালা অনুষ্ঠিত হয়। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এই কর্মশালার উদ্বোধন করেন। এছাড়া কর্মশালাতে গোমতী জেলার জেলাশাসক রিংকু লাথের, অর্থ দপ্তরের অতিরিক্ত সচিব ড. আকিঞ্চন সরকার, উদয়পুর এবং করবুকের মহকুমা শাসকগণ উপস্থিত ছিলেন।
কর্মশালার উদ্বোধন করে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, রাজ্যের রাজধানী থেকে জেলা, জেলা থেকে মহকুমা, ব্লক এমনকি গাঁওসভাস্তরে স্বচ্ছতার সাথে ডিজিটালাইজেশন চালু আছে। তবে, পরিকাঠামোগত প্রতিবন্ধকতার কারণে সব ভিলেজ কমিটি লেভেলে এখনও তেমনভাবে ডিজিটালাইজেশন অগ্রগতি হয়নি। তিনি আশা করেন অদূর ভবিষ্যতে রাজ্যের সর্বত্র ডিজিটালাইজেশন সম্পূর্ণ হবে। তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে মহাবিদ্যালয় থেকে বিদ্যালয় স্তর পর্যন্ত ডিজিটাল পরিষেবা চালু আছে।
তিনি আশা করেন নেক্সট জেন এইচআরএমএস সিস্টেমের মাধ্যমে সরকারি কাজে আরও গতি আসবে। স্বচ্ছতা এবং জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা বজায় থাকবে। সরকারি কর্মচারিদের সেবা প্রদানের দক্ষতা বৃদ্ধি পাবে। তিনি সরকারি কর্মচারিদের সাম্প্রতিক দুর্গাপুজো অনুদান বৃদ্ধির কথা উল্লেখ করে বলেন, এতে কর্মচারিরা উপকৃত হবেন। কর্মশালায় ধন্যবাদসূচক বক্তব্য রাখেন গোমতী জেলার ট্রেজারি অফিসার।








