সোনামুড়ায় বিএসএফ ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার

প্রগতি ত্রিপুরা, ১৪ সেপ্টেম্বর, ২০২৬: ত্রিপুরার সোনামুড়া মহকুমার ফকিরদুলা সীমান্ত রোড সংলগ্ন এলাকায় পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানে প্রায় ৪৭ কেজি ৫০০ গ্রাম শুকনা গাঁজা উদ্ধার করা হয়েছে।

সিপাহীজলা জেলার সোনামুড়া থানার পুলিশ সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে গত রাতে ইউসি নগর ও ফকিরদুলা বর্ডার রোড এলাকার বিভিন্ন জঙ্গলে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় ৪২টি কালো পলিথিনে মোড়ানো অবস্থায় এই গাঁজার প্যাকেটগুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মোট ওজন ৪৭ কেজি ৫০০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৩ লক্ষ ৭৫ হাজার টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, পাচারকারীরা এই গাঁজাগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে জঙ্গল বা বিভিন্ন গোপন স্থানে মজুত করেছিল। সোনামুড়া থানার পুলিশ ও বিএসএফের ৮১ নম্বর ব্যাটালিয়নের যৌথ উদ্যোগে এই সফল অভিযান চালানো হয়। এ ঘটনায় একটি মামলা রুজু করে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং এর পেছনে কারা জড়িত তা জানতে পুলিশ জোরদার তদন্ত চালাচ্ছে।

Leave a Comment