উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল, স্মারকলিপি প্রদান

প্রগতি ত্রিপুরা, ১১ সেপ্টেম্বর, ২০২৬: দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতির গোমতী জেলা কমিটি। এদিন সংগঠনের উদ্যোগে উদয়পুর জামতলা এলাকা থেকে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি জামতলা থেকে শুরু হয়ে সেন্ট্রাল রোড, পুরাতন মোটরস্ট্যান্ড, মহাদেব দিঘির পাড়সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে জেলা শাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে সংগঠনের একটি প্রতিনিধি দল গোমতী জেলার জেলা শাসকের কাছে তাদের দশ দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতির রাজ্য সম্পাদক সুধন দাশ, দিলীপ দত্ত, নিখিল দাশসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের রাজ্য সম্পাদক সুধন দাশ বলেন, তপশিলী জাতি সহ রাজ্যের সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, ত্রিপুরায় তপশিলী জাতির জন্য সংরক্ষিত একটি লোকসভা আসন বৃদ্ধি করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। তিনি আরও বলেন, গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে (রেগা) এবং টুয়েপি প্রকল্পে শ্রমদিবস ও মজুরি বৃদ্ধি করতে হবে। পাশাপাশি প্রত্যেক পরিবারকে ১০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ প্রদান, দীর্ঘদিন ধরে শূন্য থাকা সরকারি পদে দ্রুত নিয়োগ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

বক্তব্যে তিনি রাজ্যের স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার বেহাল দশা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, হাসপাতাল রয়েছে, রোগী রয়েছে, কিন্তু পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মী নেই। অনেক ক্ষেত্রে ওষুধ ও পরিষেবার অভাব দেখা যাচ্ছে। একইভাবে বিদ্যালয় রয়েছে, ছাত্র-ছাত্রী রয়েছে, কিন্তু প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নেই। এর ফলে শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। সরকারের নীরবতার কারণে সাধারণ মানুষ সমস্যার মধ্যে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।মিছিল থেকে সংগঠনের পক্ষ থেকে রাজ্য ও দেশের বিভিন্ন সমস্যা নিয়ে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি দাবি পূরণ না হলে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।

Leave a Comment

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ৪০তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে