ভিলেজ ভোটে ত্রিস্তরীয় জোটের রণকৌশল! বিজেপি–তিপ্রা মথা–আইপিএফটির গুরুত্বপূর্ণ বৈঠক শান্তির বাজার।

প্রগতি ত্রিপুরা, ০৭ সেপ্টেম্বর, ২০২৬: আসন্ন ভিলেজ নির্বাচনকে সামনে রেখে শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বকাফা ব্লকে ত্রিস্তরীয় জোটকে ভিলেজ স্তরে কার্যকর করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো। সোমবার শান্তিরবাজার পূর্ত দপ্তরের ডাকবাংলোতে বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটির নেতৃত্বের উপস্থিতিতে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

বৈঠকে বকাফা ব্লকের ১৪টি ভিলেজে আসন সমঝোতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় ১৪টি ভিলেজের মধ্যে ৭টি ভিলেজে বিজেপি এবং ৭টি ভিলেজে তিপ্রা মথার প্রার্থী দেওয়ার বিষয়টি সামনে আসে। পাশাপাশি জোটের শরিক আইপিএফটিকে ২টি আসন ছেড়ে দেওয়ার বিষয়েও আলোচনা চলছেবলে জানা যায়।

তিন দলের নেতৃত্বের বক্তব্য অনুযায়ী, ভিলেজ স্তর পর্যন্ত জোটের সমন্বয়কে আরও শক্তিশালী করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। আগামীকাল তিন দলের নেতৃত্ব ও কর্মীদের উপস্থিতিতে উৎসবের আবহে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তুতিও নেওয়া হয়েছে। এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন শান্তিরবাজারের বিধায়ক প্রমোদ রিয়াং, এমডিসি কেনারাম রিয়াং, বিজেপির মণ্ডল সভাপতি দেবাশীষ ভৌমিক, জনজাতি মোর্চার রাজ্য কমিটির সহ-সভাপতি রবীন্দ্র রিয়াং, বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক মম্বু মগ, তিপ্রা মথার সিনিয়র নেতা হরেন্দ্র রিয়াং, আইপিএফটি কেন্দ্রীয় কমিটির অর্গানাইজিং সেক্রেটারি মানিক ত্রিপুরা এবং আইপিএফটির শান্তিরবাজার ডিভিশনাল সভাপতি জ্যোতিলাল রিয়াং।

ভিলেজ নির্বাচনকে ঘিরে বকাফা ব্লকে তিন দলের এই সমন্বয় রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। এখন দেখার বিষয়, আসন সমঝোতার চূড়ান্ত রূপরেখা কী দাঁড়ায় এবং আগামীকালের মনোনয়ন পর্বে তিন দলের জোটের এই সমীকরণ বাস্তবে কতটা প্রতিফলিত হয়।

Leave a Comment