মুঙ্গিয়াকামীতে ভিলেজ কাউন্সিল নির্বাচনের মনোনয়ন পেশে গতি: ৯০ শতাংশ আসনে প্রার্থী দিল তিপ্রামথা

প্রগতি ত্রিপুরা, ০৭ সেপ্টেম্বর, ২০২৬: মুঙ্গিয়াকামি ব্লকের অধীন ১৪টি ভিলেজ কাউন্সিল (ভিসি)-এর আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তিপ্রামথা দলের মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া পূর্ণ উদ্যমে এগিয়ে চলেছে। গত শনিবার এমডিসি উৎপল দেববর্মার উপস্থিতিতে ১৪টি ভিসির প্রায় ৫০ শতাংশ আসনে প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

সোমবার মনোনয়ন জমা দেওয়ার শেষ পর্বে সেই প্রক্রিয়ায় আরও গতি আসে। এদিন মুঙ্গিয়াকামি ব্লকের অধীন ১৪টি ভিলেজ কাউন্সিলের প্রায় ৯০ শতাংশ আসনে তিপ্রামথা দলের মনোনীত প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিতে ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নির্ধারিত নিয়ম মেনে প্রার্থীরা তাঁদের কাগজপত্র জমা করেন।

দলের নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ভিলেজ কাউন্সিল নির্বাচনের মাধ্যমে প্রতিটি এলাকায় দলীয় সংগঠনকে সুদৃঢ় করা এবং গ্রামীণ মানুষের পূর্ণ সমর্থন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করাই তাঁদের মূল লক্ষ্য। এদিন মনোনয়ন জমাকে কেন্দ্র করে পুরো মুঙ্গিয়াকামি ব্লক এলাকায় তিপ্রামথা দলের কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।

এমডিসি উৎপল দেববর্মা জানান, শনিবার ৫০ শতাংশ মনোনয়ন জমা পড়ার পর সোমবার তা বেড়ে প্রায় ৯০ শতাংশে পৌঁছেছে। বাকি আসনগুলিতেও নির্ধারিত সময়ের মধ্যেই মনোনয়ন জমা দেওয়ার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

Leave a Comment