কলেজ ক্যাম্পাসে অশান্তি সহ্য করা হবে না, কড়া বার্তা মন্ত্রীর

প্রগতি ত্রিপুরা, ০৬ সেপ্টেম্বর, ২০২৬: কলেজ অঙ্গনে যেকোনো ধরনের গুন্ডামি, হিংসা ও বিশৃঙ্খলা রোধে কঠোর অবস্থানের কথা স্পষ্ট জানিয়ে দিলেন রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী কিশোর বর্মন।। শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু ও শান্ত পরিবেশ বজায় রাখতে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিলোনিয়া কলেজে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী কিশোর বর্মন বলেন, “কলেজে যারাই বিশৃঙ্খলা সৃষ্টি করবে বা গুন্ডামি করার চেষ্টা করবে, তাদের কোনভাবেই বরদাস্ত করা হবে না। বিগত সরকারের আমলে এই ধরনের পরিবেশের কারণে বহু ছাত্র-ছাত্রীর ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমি নিজেও বিলোনিয়া কলেজের ছাত্র ছিলাম এবং তৎকালীন পরিস্থিতির শিকার হয়ে আমাকে অন্য কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে হয়েছিল।”

তিনি আরও জানান, বাম আমল থেকেই কলেজে ভাংচুর, সরকারি সম্পদ বিনষ্ট করা এবং শিক্ষার পরিবেশ নষ্ট করার যে রাজনৈতিক প্রবণতা লক্ষ্য করা গেছে, তা বর্তমান সরকার বরদাস্ত করবে না। শিক্ষা প্রতিষ্ঠান হল চরিত্র গঠন ও রাষ্ট্র নির্মাণের কারখানা, রাজনীতির আখড়া নয়।

কলেজ সম্পত্তি নষ্ট করার বিষয়ে সতর্ক করে দিয়ে মন্ত্রী আরও জানান, সরকারি বা কলেজের সম্পদ জনগণের অর্থেই তৈরি। তাই ক্যাম্পাসে ভাংচুর চালিয়ে যারা ক্ষতিসাধন করবে, তাদের চিহ্নিত করে তাদের থেকেই সেই ক্ষতির টাকা আদায় করা হবে। পাশাপাশি, যেকোনো পক্ষ বা সংগঠনের সমর্থকই হোক না কেন, পক্ষপাতহীন তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাসের বাণীও দেন মন্ত্রী কিশোর বর্মন।।

Leave a Comment