প্রগতি ত্রিপুরা, ০৪ সেপ্টেম্বর, ২০২৬: ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার অন্তর্গত লাটিয়াপুড়া গ্রামে মনু নদীর ভাঙা বাঁধ পুনঃনির্মাণ নিয়ে দেখা দিয়েছে জটিলতা। সীমান্ত সংলগ্ন এলাকায় বাঁধ সংস্কারের কাজ করতে গিয়ে বাংলাদেশ কর্তৃপক্ষের আপত্তির মুখে পড়তে হয়েছে বলে জানা গেছে।
ঘটনাস্থল পরিদর্শনে এসে মন্ত্রী টিঙ্কু রায় জানান, মনু নদীর বাঁধটি অনেক আগেই ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরবর্তীতে কাজের প্রয়োজনীয় অনুমোদন প্রদান করা হয় এবং সংস্কারকাজও শুরু করা হয়। সিংহভাগ কাজ সম্পন্ন হলেও প্রায় ১৫০ মিটার দীর্ঘ একটি অংশ আন্তর্জাতিক শূন্য রেখা (জিরো পয়েন্ট) এবং বাংলাদেশ সীমান্তের কাছাকাছি হওয়ায় সেখান থেকে আপত্তি জানায় বাংলাদেশ পক্ষ।
তিনি জানান, সমস্যাটি দ্রত সমাধানের লক্ষ্যে জেলা শাসক (DM) এবং সংশ্লিষ্ট দপ্তর ও আধিকারিকদের সাথে কথা বলা হয়েছে। বাংলাদেশ পক্ষের সাথে প্রয়োজনীয় আলোচনা চালিয়ে এই সীমান্ত সংক্রান্ত আইনি ও প্রশাসনিক জটিলতা দ্রুত নিষ্পত্তি করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
বর্তমানে বর্ষা কিছুটা কমে আসায় এবং আসন্ন দুর্গোচ্ছবের পর বৃষ্টিপাত আরও হ্রাস পাওয়ার সম্ভাবনা থাকায় আগামী ২-৩ মাসের মধ্যে কাজটি সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তবে সীমান্ত তার কাটার ওইপারে যাতায়াত এবং নদী পারাপার ও যন্ত্রপাতি বহনের ক্ষেত্রে কিছু ভৌগোলিক ও যোগাযোগমূলক সমস্যা রয়েছে। স্থানীয়বাসীদের স্বার্থে ও বন্যা প্রতিরোধে যত দ্রুত সম্ভব বাঁধের বাকি অংশ সংস্কারের কাজ শেষ করার জন্য প্রশাসন তৎপর রয়েছে বলে জানানো হয়।








