চলতি পথে যত্রতত্র আবর্জনা, বিপাকে কৃষক পরিবার, নষ্ট হচ্ছে কৃষি জমি

প্রগতি ত্রিপুরা, ০৪ সেপ্টেম্বর, ২০২৬: সেতু ও সড়ক দিয়ে যাতায়াতকারী যানবাহন থেকে ফেলা হচ্ছে প্লাস্টিক, বস্তা ও নানা ধরণের আবর্জনা। আর সেই সব বর্জ্য সরাসরি এসে পড়ছে নদী বা খালের পাশের ফসলি জমিতে। ফলে চাষাবাদ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, নষ্ট হচ্ছে ফসল এবং জমিতে ছড়িয়ে পড়ছে তীব্র দুর্গন্ধ। স্থানীয় এক কৃষক দম্পতি প্রশাসনিক ও পঞ্চায়েত কর্তৃপক্ষের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে এই দুর্ভোগের কথা জানিয়েছেন।

পীড়িত কৃষকের অভিযোগ, ব্রিজের ওপর দিয়ে বা রাস্তা দিয়ে চলাচলের সময় অটো, মোটরবাইক, বা চার চাকার গাড়ি থেকে প্রতিনিয়ত বর্জ্য ভর্তি বস্তা ফেলে দেওয়া হয়। সেখান থেকে প্লাস্টিক ও আবর্জনা সরাসরি তাদের জমিতে এসে জমা হয়। বর্ষার জলে সেই বর্জ্য ভাসতে ভাসতে পুরো ক্ষেতে ছড়িয়ে পড়ে।

কৃষকের বক্তব্য অনুযায়ী, গত কয়েক মাসে শত শত বোতল এবং প্লাস্টিকের বস্তা তুলে ক্ষেত পরিষ্কার করতে হয়েছে। যার কারণে করলা, বেগুনসহ অন্যান্য সবজি চাষ ব্যাহত হচ্ছে।

তিনি আরও জানান, স্থানীয় প্রতিনিধি ও মেম্বারদের বিষয়টি জানানো হলেও কোনো সমাধান হয়নি। “প্রতিনিধিরা চোর ধরার কথা বললেও গাড়ি থামিয়ে কাউকে ধরা আমাদের পক্ষে সম্ভব নয়,” বলে আক্ষেপ জানান এই কৃষক।

কৃষি জমিতে আবর্জনা ফেলার এই অনিয়ন্ত্রিত প্রবণতা বন্ধে দ্রুত প্রশাসনের কড়া পদক্ষেপ ও বর্জ্য অপসারণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ওই কৃষক পরিবার।

Leave a Comment