অনলাইন ডেস্ক, ০৩ সেপ্টেম্বর, ২০২৬: ত্রিপুরায় আধুনিক পরিবহন ও প্রযুক্তিনির্ভর পর্যটন পরিষেবার ক্ষেত্রে নতুন উদ্যোগের সূচনা হল। আজ মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে আনুষ্ঠানিকভাবে অ্যাপ-ভিত্তিক অনলাইন ক্যাব ও অটো পরিষেবা, নবনির্মিত ট্যুরিজম ইনফরমেশন সেন্টার এবং টিআইসি মেটাভার্স পরিষেবার উদ্বোধন করেন পরিবহন, খাদ্য ও পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী। একই সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে আগরতলা ও যোগেন্দ্রনগর রেলওয়ে স্টেশন থেকেও অ্যাপ-ভিত্তিক পরিবহন পরিষেবার সূচনা করা হয়। এর ফলে বিমানবন্দর ও রেলস্টেশন থেকে যাত্রী ও পর্যটকদের যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, দেশের বিভিন্ন রাজ্যে বিমানবন্দর ও পর্যটন পরিষেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার পর্যটকদের আকৃষ্ট করছে। এমবিবি বিমানবন্দর আধুনিক পরিকাঠামোয় সমৃদ্ধ হলেও বিমানবন্দরের বাইরে একই ধরনের আধুনিক পরিবহন সুবিধা না থাকলে পর্যটকদের মধ্যে রাজ্য সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হতে পারে। সেই কারণে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে অ্যাপ-ভিত্তিক ক্যাব ও অটো পরিষেবা চালু করা হয়েছে। যাত্রীরা নিজেদের পছন্দ অনুযায়ী প্রিপেইড অটো অথবা অনলাইন ক্যাব পরিষেবা বেছে নিতে পারবেন। সাধারণ মানুষের চাহিদা এবং দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে ত্রিপুরার পরিবহন ব্যবস্থাকে ধাপে ধাপে আধুনিক করা হবে বলেও জানান তিনি।
পর্যটন ক্ষেত্রে উন্নত আতিথেয়তা, যাতায়াত, থাকার ব্যবস্থা ও খাদ্য পরিষেবার গুরুত্বের কথাও তুলে ধরেন পর্যটন মন্ত্রী। তাঁর মতে, পর্যটকদের ইতিবাচক অভিজ্ঞতা নিশ্চিত করতে পারলে তারা বারবার ত্রিপুরায় আসবেন। এর ফলে রাজ্যের ইতিবাচক ভাবমূর্তি দেশের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও ছড়িয়ে পড়বে। টিআইসি-তে মেটাভার্স প্রযুক্তির সংযোজন পর্যটকদের ভার্চুয়াল মাধ্যমে ত্রিপুরার বিভিন্ন পর্যটনস্থল সম্পর্কে জানার নতুন সুযোগ তৈরি করবে। একই সঙ্গে বিমানবন্দর ও রেলস্টেশনগুলিতে অ্যাপ-ভিত্তিক ক্যাব ও অটো পরিষেবা চালুর ফলে যাত্রী পরিষেবা ও পর্যটন ব্যবস্থাপনায় আরও গতি আসবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন ও পর্যটন দপ্তরের সচিব ইউ.কে. চাকমা, এমবিবি বিমানবন্দরের অধিকর্তা কে.এম. নেহরা, জেলা পুলিশ সুপার নমিত পাঠক, পর্যটন দপ্তরের অধিকর্তা প্রশান্ত বাদল নেগী এবং পরিবহন কমিশনার সুব্রত চৌধুরীসহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকগণ।








