খাদ্য সামগ্রীর গুণগত মান বজায় রাখা ও ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ফের অভিযানে নামল উদয়পুর মহকুমা প্রশাসন!

প্রগতি ত্রিপুরা, ০২ সেপ্টেম্বর, ২০২৬: মহকুমা শাসকের নির্দেশে মঙ্গলবার স্বাস্থ্য দপ্তর, ফুড সেফটি বিভাগ, খাদ্য দপ্তর ও লিগ্যাল মেট্রোলজি বিভাগের আধিকারিকরা যৌথভাবে উদয়পুর ব্রহ্মাবাড়ি বাজার থেকে মাতাবাড়ি বাজার পর্যন্ত বিভিন্ন দোকান, মিষ্টির দোকান, হোটেল ও আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালান। অভিযানে বেশ কয়েকটি দোকান থেকে মেয়াদ উত্তীর্ণ প্যাকেটজাত খাদ্য সামগ্রী ও ঠান্ডা পানীয় উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি দুটি আইসক্রিম ফ্যাক্টরিতে তল্লাশি চালিয়ে দুটি ফ্যাক্টরিতে প্যাকেটের গায়ে মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশের কারণে সেটি সিল করে দেওয়া হয়।

জেলা স্বাস্থ্য আধিকারিক ডা. শুভেন্দু দেববর্মা জানান, ভোক্তাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে নিয়মিত এই ধরনের অভিযান চালানো হচ্ছে। অভিযানে অনিয়ম পাওয়া প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, বুধবারের অভিযানে অনিয়ম পাওয়া প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। দুইটি আইসক্রিম ফ্যাক্টরি সিল করার পাশাপাশি সংশ্লিষ্ট দোকান ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তী সময়ে আইন অনুযায়ী আরও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন মহকুমা শাসক।প্রশাসনের এই অভিযানে ব্যবসায়ী মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Leave a Comment