জাতীয় ড্রাইভার দিবসে ড্রাইভারদের প্রশংসায় প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী প্রতিমা ভৌমিক: “যোগাযোগ ব্যবস্থাই রাজ্যের মেরুদণ্ড”

প্রগতি ত্রিপুরা, ০১ সেপ্টেম্বর, ২০২৬: ১ সেপ্টেম্বর জাতীয় ড্রাইভার দিবস উপলক্ষে ত্রিপুরা রাজ্য মজদুর মনিটরিং সেলের উদ্যোগে রবীন্দ্র ভবনের প্রাঙ্গণে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত হয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী প্রতিমা ভৌমিক রাজ্যের সমস্ত গাড়ি চালক ও পাইলট ভাইদের প্রতি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাষ্ট্র নির্মাণে ড্রাইভারদের অবদান অপরিসীম : সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী জানান, “একটি রাষ্ট্র বা দেশ পরিচালনায় যেভাবে বড় বড় শিল্পপতি, স্টার্টআপ, শ্রমিক, কৃষক ও যুবকদের ভূমিকা থাকে, ঠিক তেমনি চালকদের অবদানও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বড় বড় ভবন তৈরি করছি, কিন্তু তার জন্য প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম ট্রাক বা কন্টেইনার গাড়ির মাধ্যমে গন্তব্যে পৌঁছে দিচ্ছেন ড্রাইভাররাই। একইভাবে সাধারণ যাত্রী থেকে শুরু করে রোগী ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিয়ে তাঁরা আমাদের দৈনন্দিন জীবনযাত্রাকে সচল রাখছেন। এক কথায় বলতে গেলে, আমাদের যোগাযোগ ব্যবস্থার আসল মেরুদণ্ড হলেন এই ড্রাইভার ভাইরা।”

সুস্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার ওপর জোর: তিনি আরও বলেন যে, সরকার সর্বদা ড্রাইভার ও তাঁদের পরিবারের সুস্বাস্থ্য এবং নিরাপত্তার বিষয়ে আন্তরিক। চালকদের বিভিন্ন দাবিদাওয়া এবং তাঁদের সমস্যার সমাধান করা সমাজের সকলের দায়িত্ব বলে তিনি মনে করেন।

সড়ক সংস্কার ও উন্নত যোগাযোগ ব্যবস্থার আশ্বাস: সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাস্তার বর্তমান অবস্থা এবং পরিবহন ব্যবস্থা নিয়ে মন্ত্রী বলেন, “আমাদের সরকারের প্রধান অগ্রাধিকারই হলো উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা। জাতীয় সড়কের যেসব স্থানে কাজ বাকি বা সড়ক খারাপ রয়েছে, তা দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও ঠিকাদারদের নির্দেশ দেওয়া হয়েছে। সড়ক পরিবহন থেকে শুরু করে জল, আকাশ ও রেল—সব মাধ্যমেই সার্বিক উন্নয়ন ঘটাই আমাদের মূল লক্ষ্য।”

Leave a Comment