সন্ধ্যায় মিলবে চিকিৎসা: প্রত্যন্ত দাতারামে গর্জি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অনন্য উদ্যোগ

প্রগতি ত্রিপুরা, ০১ সেপ্টেম্বর, ২০২৬: উদয়পুর শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত দাতারাম গ্রাম। কৃষিপ্রধান এই গ্রামের অধিকাংশ বাসিন্দা দিনভর মাঠ-ঘাটে কঠোর পরিশ্রমের পর চিকিৎসার জন্য শহরে যাওয়ার সময় পান না। সময় এবং দূরত্বের কারণে স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হওয়া এই মানুষগুলির কথা ভেবেই এবার এক ব্যতিক্রমী পদক্ষেপ নিল গর্জি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। গ্রামে শুরু হয়েছে বিনামূল্যে ‘সন্ধ্যাকালীন স্বাস্থ্য পরিষেবা’।

গর্জি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক সপ্তদ্বীপ দাসের একক চিন্তাভাবনা ও নেতৃত্বে এই উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। এই কাজে তাঁর সঙ্গী হয়েছেন মাল্টিপারপাস ওয়ার্কার রাজু দে, আব্দুল জাবেদ ও বিপ্লব দত্ত, কমিউনিটি হেলথ অফিসার নবনিতা চৌধুরী এবং স্থানীয় আশা কর্মীরা। চিকিৎসকদের দলটি দিনের স্বাভাবিক ডিউটি শেষে তাঁদের অবসর সময়কে কাজে লাগিয়ে দাতারাম ও সংলগ্ন অঞ্চলের মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন।

এই বিশেষ সন্ধ্যাকালীন শিবিরে বিনামূল্যে চিকিৎসকের পরামর্শের পাশাপাশি মিলছে নানা প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার সুযোগ। শিবিরে রক্ত পরীক্ষা ও ম্যালেরিয়া পরীক্ষাসহ অন্যান্য প্রাথমিক চিকিৎসার সুব্যবস্থা রাখা হয়েছে।

পরিষেবা চালুর প্রথম দিনেই গ্রামের মানুষের মধ্যে ব্যাপক সাড়া ও উন্মাদনা লক্ষ্য করা গেছে। কাজের ব্যস্ততা সেরে নিজের এলাকাতেই অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ও ওষুধ মেলায় স্বস্তির নিশ্বাস ফেলছেন এলাকাবাসী। চিকিৎসা পরিষেবার জন্য শহরমুখী হওয়ার দিন বদলে দোরগোড়াতেই আধুনিক প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের মানুষ। স্বাস্থ্যকর্মীদের এই মানবিক প্রয়াস গ্রামের স্বাস্থ্য ব্যবস্থাকে সুদৃঢ় করতে একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হচ্ছে।

Leave a Comment