প্রগতি ত্রিপুরা, ১লা সেপ্টেম্বর, ২০২৬: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষিত হয়েছে ভারতীয় জনতা যুব মোর্চা (BJYM)-র ত্রিপুরা প্রদেশ কমিটির পূর্ণাঙ্গ তালিকা। নবগঠিত এই কমিটিতে প্রদেশ সম্পাদকের গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পেয়েছেন তরুণ যুব নেতা সম্রাট রায়।
দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত থাকার সুবাদে রাজপথের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকার জন্য পরিচিত সম্রাট রায়। অতীতেও একাধিক রাজনৈতিক কর্মসূচিতে তাঁর উপস্থিতি ও সাংগঠনিক তৎপরতা লক্ষ্য করা গেছে। পরবর্তীতে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়ার পর যুব মোর্চা ও বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের পাশাপাশি নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রেও তাঁর ভূমিকা দেখা গেছে।
দলীয় সূত্রের দাবি, সংগঠনের প্রতি দীর্ঘদিনের নিষ্ঠা, সক্রিয়তা এবং সাংগঠনিক ভূমিকার মূল্যায়ন হিসেবেই তাঁকে যুব মোর্চার প্রদেশ সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন কমিটিতে তাঁর অন্তর্ভুক্তি ঘিরে যুব কর্মী ও সমর্থকদের একাংশের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে।
এদিকে সামনে রয়েছে ত্রিপুরার আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন। এরপর ২০২৮ সালের বিধানসভা নির্বাচনকে ঘিরেও ইতিমধ্যে রাজনৈতিক দলগুলির সাংগঠনিক তৎপরতা শুরু হয়েছে। ফলে আগামী দিনগুলিতে যুব সংগঠনের ভূমিকা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
এই পরিস্থিতিতে নবনিযুক্ত প্রদেশ সম্পাদক সম্রাট রায় তাঁর সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যুব কর্মীদের কতটা সক্রিয় ও সংগঠিত করতে পারেন, বিশেষ করে আসন্ন নির্বাচনগুলিতে যুব সংগঠনকে কীভাবে মাঠে নামাতে পারেন—এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।








