প্রগতি ত্রিপুরা, ৩১আগস্ট, ২০২৬: নতুন প্রজন্মের চিন্তাভাবনা, শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং রাষ্ট্র গঠনে যুব সমাজের ভূমিকা নিয়ে উদয়পুরে অনুষ্ঠিত হলো এক বিশেষ মতবিনিময় কর্মসূচি ‘যুব সংবাদ ২০২৬’। নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের উদ্যোগে কলেজ সেমিনার হলে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের মুখোমুখি হন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন সাংসদ বিপ্লব কুমার দেব। এছাড়াও সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ সুধন দেবনাথ, শিক্ষক কাউন্সিলের সচিব ড. পার্থ সারথি দেবরায়, বিশিষ্ট সমাজসেবী সবিতা নাগ এবং সানি সাহা। কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও প্রচুর সংখ্যক শিক্ষার্থী এদিন সেমিনার হলে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ছাত্রছাত্রীদের সাথে সাংসদের সরাসরি কথা বলার পর্বটি। শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থানের সুযোগ, দক্ষতা উন্নয়ন (Skill Development) এবং আত্মনির্ভরতার মতো বিষয় নিয়ে সাংসদকে একাধিক প্রশ্ন করেন শিক্ষার্থীরা। প্রশ্নের উত্তরে বিপ্লব দেব বলেন, “আজকের তরুণ প্রজন্মই আগামী দিনের উন্নত ভারতের রূপকার।” ভবিষ্যৎ জীবনে সফলতা অর্জনের জন্য তরুণদের ইতিবাচক মানসিকতা রাখা, কঠোর পরিশ্রম করা এবং যুগের সাথে তাল মিলিয়ে নতুন নতুন প্রযুক্তি ও দক্ষতা অর্জনের ওপর বিশেষ জোর দেন তিনি।
বক্তব্যের এক পর্যায়ে দেশের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে ‘বন্দে মাতরম’ গানটির গুরুত্ব ব্যাখ্যা করেন সাংসদ। স্বাধীনতা সংগ্রামে এই গানের অবদান এবং দেশাত্মবোধের প্রতীক হিসেবে এর তাৎপর্য শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয়। তরুণদের মাঝে জাতীয়তাবাদ ও দেশপ্রেমের চেতনা আরো গভীর করার আহ্বান জানিয়ে নিজ নিজ ক্ষেত্রে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাওয়ার বার্তা দিয়ে শেষ হয় এই তাৎপর্যপূর্ণ সভা।








