দীর্ঘদিন ধরে পানীয় জলসংকট! ধর্মনগরের নতুন বাজারে সড়ক অবরোধ করে ক্ষুব্ধ গ্রামবাসীদের বিক্ষোভ!!

প্রগতি ত্রিপুরা, ৩১আগস্ট, ২০২৬: দীর্ঘ সাত-আট বছর ধরে পানীয় জলের তীব্র সংকটে ভুগছেন উত্তর জেলার ধর্মনগরের প্রত্যেকরায় গ্রাম এলাকার বাসিন্দারা। পানীয় জলের দাবিতে এবং প্রশাসনের উদাসীনতার প্রতিবাদে অবশেষে সোমবার সকালে নতুন বাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,দীর্ঘদিন ধরে এলাকায় বিশুদ্ধ পানীয় জলের কোনো ব্যবস্থা নেই। বাধ্য হয়ে কিছু মানুষ পানীয় জল কিনে খাচ্ছেন,আর যাদের সেই সামর্থ্য নেই তারা বর্ষার জল কিংবা পুকুরের নোংরা ও আয়রনযুক্ত জল পান করছেন। ফলে এলাকার শিশু ও প্রবীণরা ঘন ঘন অসুস্থ হয়ে পড়ছেন।

পঞ্চায়েত প্রতিনিধি থেকে শুরু করে বিধায়ক ও প্রশাসনের সর্বোচ্চ মহল পর্যন্ত লিখিত আবেদন জানিয়েও কোনো স্থায়ী সমাধান মেলেনি বলে ক্ষোভ প্রকাশ করেন তারা।বিক্ষোভকারী বিশাল দাস জানান,আয়রনযুক্ত অপরিচ্ছন্ন জল খেতে গিয়ে তাদের শারীরিক সমস্যা বাড়ছে। আর কোনো পথ না পেয়ে বাধ্য হয়েই সকাল ৮:৩০ টা থেকে পথ অবরোধে নামেন তারা। কয়েক হাজার জনসংখ্যার এই অঞ্চলে পঞ্চায়েত প্রধান সহ প্রশাসনের কাছে বারবার আবেদন জানালেও কোনো সুরাহা হয়নি। দীর্ঘ সময় ধরে চলা এই অবরোধের কারণে স্থানীয় যান চলাচলে চরম ব্যাঘাত ঘটে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ধর্মনগরের অতিরিক্ত মহকুমা শাসক হেমেন্দু বিকাশ পাল। তিনি বিক্ষোভকারী গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং সাত দিনের মধ্যে দ্রুত পানীয় জলসংকট সমাধানের প্রতিশ্রুতি দেন। প্রশাসনিক আশ্বাসের পর গ্রামবাসীরা পথ অবরোধ তুলে নেন এবং যান চলাচল স্বাভাবিক হয়। সাত দিনের মধ্যে সমস্যা সমাধান না হলে পুনরায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি গ্রামবাসীদের।

Leave a Comment