প্রগতি ত্রিপুরা, ২৮ আগস্ট, ২০২৬: দীর্ঘ ১ মাস ২০ দিন পর শুক্রবার খোলা হলো ঐতিহ্যবাহী ও ঐতিহ্যমণ্ডিত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের সিন্দুক ও প্রণামী বাক্স। সকাল থেকেই কড়া নিরাপত্তার বলয়ে মন্দির প্রাঙ্গণে থাকা মোট ১৭টি বাক্স ও সিন্দুক খোলার মাধ্যমে শুরু হয় বিপুল অর্থ গণনার প্রক্রিয়া, যা দিনভর অব্যাহত থাকে।
গণনা প্রসঙ্গে গোমতী জেলাশাসক কার্যালয়ের ডেপুটি কালেক্টর চন্দ্রশেখর চট্টোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানান, প্রণামী বাক্স থেকে শুধু ভারতীয় রুপিই নয়, মিলেছে রেকর্ড পরিমাণ বৈদেশিক মুদ্রা। এর মধ্যে প্রধানত মার্কিন ডলার, মালয়েশিয়ার রিঙ্গিত, শ্রীলঙ্কান রুপি, ভুটানি এনগুলট্রাম, সৌদি রিয়াল, কুয়েতি দিনার এবং বাংলাদেশের টাকা উদ্ধার হয়েছে। তিনি উল্লেখ করেন, দূর-দূরান্তের পর্যটক ও দেশ-বিদেশের ভক্তদের কাছে মন্দিরটির জনপ্রিয়তা যে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, বিদেশি মুদ্রার উপস্থিতিই তার স্পষ্ট প্রমাণ। পাশাপাশি, ডিজিটাল মাধ্যমে ব্যাংকের কিউআর কোড ব্যবহার করেও বিপুল সংখ্যক ভক্ত প্রণামী পাঠাচ্ছেন।
পুরো গণনা প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের তরফে ১৮ জন কর্মকর্তা ও কর্মীকে নিয়ে একটি বিশেষ দল গঠন করা হয়। দিনভর প্রশাসনিক আধিকারিকদের সরাসরি নজরদারিতে এবং কঠোর পুলিশি নিরাপত্তায় অর্থ গণনার কাজ পরিচালিত হয়। মন্দির কর্তৃপক্ষের মতে, ভক্তদের অগাধ বিশ্বাস, নিষ্ঠা ও ভক্তির নিদর্শনই ফুটে উঠেছে এই বিপুল পরিমাণ দান ও অনুদানের মধ্য দিয়ে।








