গাঁজা সহ ধৃত যুবকের ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ১ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিল আদালত

প্রগতি ত্রিপুরা, ২৮ আগস্ট, ২০২৬: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সিদ্ধান্ত নিল বিলোনিয়া জেলা ও দায়রা আদালত। প্রায় ৩০ কেজি শুকনো গাঁজা উদ্ধারের ঘটনায় এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লক্ষ টাকা অর্থদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। বিলোনীয়া আদালতের ইতিহাসে এনডিপিএস (NDPS) আইনের মামলায় এটিই প্রথম এত কঠোর সাজা ঘোষণার নজির।

ঘটনার সূত্রপাত ২০২৫ সালের ১২ই এপ্রিল। পি আর বাড়ি থানার অন্তর্গত রাধানগর জহর টিলা এলাকার বাসিন্দা কেশব লাল দাস ওরফে কেশব কাঁধে বস্তা নিয়ে ঘোষখামার থেকে রাধানগরের দিকে যাচ্ছিল। গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় ডিউটিতে থাকা পুলিশ কর্মী তাকে দাঁড় করান এবং তল্লাশি চালান। তল্লাশি চালাতেই উদ্ধার হয় ২৯ কেজি ৬০০ গ্রাম শুকনো গাঁজা। ঘটনার পর পি আর বাড়ি থানার এসআই নির্মল দেববর্মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন (মামলা নম্বর: ১৫/২৫)। অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস আইনের ২০(বি)(ii)(সি) ও ২৯ ধারায় সুনির্দিষ্ট মামলা রুজু করা হয়।

ঘটনার পর প্রাথমিক তদন্তের দায়িত্ব পান এসআই সুজিত সরকার। পরবর্তীতে মামলার দ্বিতীয় তদন্তকারী আধিকারিক এসআই শিশু কুমার দেববর্মা পূর্ণাঙ্গ তদন্ত শেষে আদালতে চার্জশিট পেশ করেন। আদালতে মোট ১৪ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়। সরকারের পক্ষে সফলভাবে মামলাটি পরিচালনা করেন আইনজীবী সুব্রত ভট্টাচার্য।

দীর্ঘ শুনানি এবং সমস্ত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনার পর শুক্রবার দক্ষিণ ত্রিপুরা জেলার স্পেশাল দায়রা জজ গোবিন্দ দাস অভিযুক্ত কেশব লাল দাসকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। রায়ে বিচারক ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে অতিরিক্ত ৬ মাসের জেল নির্দেশ দিয়েছেন।

এই রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করেছে পুলিশ প্রশাসন। আইনজ্ঞদের মতে, এই ধরনের কঠোর সাজা আগামী দিনে এলাকায় মাদক পাচারকারীদের মধ্যে কড়া বার্তা দেবে এবং অপরাধমূলক প্রবণতা হ্রাস করতে সহায়ক হবে।

Leave a Comment