অনলাইন ডেস্ক, ২৭ আগস্ট, ২০২৬: মোহনপুর মহকুমা যুব বিষয়ক ও ক্রীড়া কার্যালয়ের উদ্যোগে গত ২৫ আগস্ট মোহনপুরের তুলাবাগানস্থিত সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠে স্কুল স্পোর্টস মিট-২০২৬-এর অন্তর্গত অনূর্ধ্ব-১৭ বালক ও বালিকা বিভাগের মহকুমা ভিত্তিক ফুটবল ও খো-খো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মোহনপুর মহকুমার চারটি ব্লক ও পুর পরিষদ এলাকা থেকে মোট ২০১ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর পুর পরিষদের কাউন্সিলর কার্তিক আচার্য ও পূর্ণিমা দাস, মোহনপুর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রর চিকিৎসক ডা. আওই দেববর্মা ও ডা. আশিম ত্রিপুরা এবং পিএম-শ্রী উত্তর দেবেন্দ্রনগর হাই স্কুলের প্রধান শিক্ষক মিহির বিজয় ভৌমিক-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ।
অনুষ্ঠানে মোহনপুর পুর পরিষদের কাউন্সিলর কার্তিক আচার্য যুবসমাজকে নেশা ও বিভিন্ন নেতিবাচক কার্যকলাপ থেকে দূরে থাকতে খেলাধুলায় আরও বেশি করে অংশগ্রহণের আহ্বান জানান।
স্বাগত বক্তব্যে মোহনপুর মহকুমা যুব বিষয়ক ও ক্রীড়া কার্যালয়ের প্রোগ্রাম অফিসার মধুসূদন দেববর্মা বলেন, খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা বৃদ্ধিতেই সহায়তা করে না, বরং শৃঙ্খলা, আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণাবলি এবং দলগত চেতনা গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিযোগিতা শেষে জেলা স্তরের প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করার জন্য যোগ্য ৬০ জন খেলোয়াড়কে নিয়ে ফুটবল ও খো-খো দল গঠন করা হয়।







