প্রগতি ত্রিপুরা, ২৭ আগস্ট, ২০২৬: ত্রিপুরা বিধানসভার দশম অধিবেশনে বিরোধী দল সিপিআইএম-কে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। সম্প্রতি রাজ্য সফরে আসা কিউবার রাষ্ট্রদূতকে কেন্দ্র করে আয়োজিত এক দলীয় অনুষ্ঠানকে টেনে তিনি বিরোধীদের ‘দেশদ্রোহী’ ও ‘বিদেশি এজেন্ট’ বলে কটাক্ষ করেন।
অধিবেশনে বিদ্যুৎ মন্ত্রী অভিযোগ করেন, কিউবার রাষ্ট্রদূতের উপস্থিতিতে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত সিপিআইএম-এর এক সভায় বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ভারতকে সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন। তিনি দাবি করেন, ওই অনুষ্ঠানে কেবল কিউবার পতাকার প্রতি শ্রদ্ধা জানানো হলেও ভারতের জাতীয় পতাকার প্রতি কোনো শ্রদ্ধা জানানো হয়নি এবং জাতীয় সংগীতও পরিবেশন করা হয়নি। বিদেশি অতিথির সামনে নিজের দেশকে ছোট করার অভিযোগ তুলে মন্ত্রী প্রশ্ন তোলেন— বিধানসভায় রাষ্ট্রবাদীরা থাকবে নাকি দেশদ্রোহীরা? বক্তব্যে কমিউনিস্টদের ‘চোর’, ‘বিদেশি এজেন্ট’ এবং ‘পাকিস্তানের এজেন্ট’ বলে আক্রমণ করার পাশাপাশি তারা দেশকে টুকরো টুকরো করতে চায় বলেও দাবি করেন তিনি।
বিতর্কের মাঝেই নিজেকে চীন বা পাকিস্তানের এজেন্ট নন উল্লেখ করে মন্ত্রী রতন লাল নাথ পেছনের আসনের বিধায়ক অভিষেক দেবরায়কে একটি জাতীয় পতাকা দেন। ট্রেজারি বেঞ্চের বিধায়করা দাঁড়িয়ে জাতীয় পতাকা তুলে ধরলেও সেই সময় এক নজিরবিহীন দৃশ্য তৈরি হয়। বিধায়ক অভিষেক দেবরায় এবং মন্ত্রী বিকাশ দেববর্মা অসাবধানতাবশত জাতীয় পতাকা উল্টো করে ধরে রাখেন। শাসক দলের এই অসাবধানতায় জাতীয় পতাকার অবমাননা হয়েছে বলে দাবি করে কটাক্ষ শুরু করে বিরোধী বেঞ্চ।








