শ্রদ্ধা ও সংকল্পে পালিত হলো গুরুদেব শ্রী শ্রী শান্তিকালীর ২৬তম তিরোধান দিবস

প্রগতি ত্রিপুরা, ২৭ আগস্ট, ২০২৬: সনাতন ধর্মের প্রচার, শিক্ষার প্রসার এবং মানবসেবার অনন্য রূপকার গুরুদেব শ্রী শ্রী শান্তিকালীর ২৬তম তিরোধান দিবস উপলক্ষে জিরানিয়ার বোরাখায় অনুষ্ঠিত হলো এক ভাবগম্ভীর স্মরণানুষ্ঠান ও বর্ণাঢ্য শোভাযাত্রা।

​২০০০ সালের ২৭ আগস্ট জিরানিয়া মহকুমার বোরাখা এলাকায় মানবসেবা ও সমাজ সংস্কারের ব্রত পালনকালেই দুষ্কৃতীদের গুলিতে নির্মমভাবে প্রাণ হারাতে হয়েছিল শান্তিকালী মহারাজকে। ভক্ত ও অনুগামীদের কাছে এই দিনটি অত্যন্ত বেদনার হলেও, মহারাজের আদর্শকে অক্ষুণ্ণ রাখতে প্রতি বছরের মতো এবারও শান্তিকালী আশ্রমের উদ্যোগে বোরাখায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।

​গুরুদেবের প্রতিষ্ঠিত শান্তিকালী আশ্রম আজ রাজ্য তথা রাজ্যের বাইরে সনাতন ধর্মের প্রচার-প্রসার, শিক্ষা বিস্তার ও নিঃস্বার্থ সমাজসেবায় এক অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে। ২৬তম তিরোধান দিবসের এই পুণ্য তিথিতে শোভাযাত্রার পাশাপাশি উপস্থিত আশ্রমে সমবেত ভক্তরা গুরুদেবের দেখানো পথে হেঁটে মানবসেবায় নিজেদের উৎসর্গ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
​উক্ত স্মরণানুষ্ঠানে কুমারী ব্রহ্মচারী স্বপন দেববর্মা সহ আশ্রমের অন্যান্য সন্ন্যাসী ও অগণিত অনুগামী উপস্থিত থেকে শ্রী শ্রী শান্তিকালী মহারাজের চরণে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

Leave a Comment