আসাম রাইফেলস ও ডিআরআই-এর যৌথ অভিযান: ১৬৮ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত, আটক ১ ​

প্রগতি ত্রিপুরা, ২৭ আগস্ট, ২০২৬: মাদক পাচার চক্রের বিরুদ্ধে একটি বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস ও ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)। আসামের কাছাড় জেলার লক্ষীপুর মহকুমার জুঝাং পাহাড় এলাকায় যৌথ অভিযান চালিয়ে প্রায় ১৬৮ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

২৫ ও ২৬ আগস্টের মধ্যবর্তী রাতে চালানো এই বিশেষ অভিযানে উদ্ধার হয় প্রায় ৬০ কেজি ওজনের ৫ লাখ ৬০ হাজার পিস ‘ইয়াবা’ ট্যাবলেট। আন্তর্জাতিক বাজারে যার আনুমানিক মূল্য ১৬৮ কোটি টাকা। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এক মাদক পাচারকারীকে আটক করার পাশাপাশি পাচারে ব্যবহৃত একটি টাটা ট্রাক জব্দ করেছে নিরাপত্তা বাহিনী।

প্রাথমিক তদন্তে জানা গেছে, এই বিপুল পরিমাণ মাদকের চালানটি প্রতিবেশী রাজ্য মণিপুর থেকে ৩৭ নম্বর জাতীয় সড়ক ধরে আসামের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। আন্তর্জাতিক মাদক চক্রটি কাছাড় ও শ্রীভূমি জেলাকে ট্রানজিট করিডোর হিসেবে ব্যবহার করে দেশের অন্যান্য প্রান্তে এই মাদক ছড়িয়ে দেওয়ার ছক কষেছিল।

আটককৃত ব্যক্তি ও উদ্ধার হওয়া সমস্ত মালামাল পরবর্তী আইনি পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। আসাম রাইফেলস ও ডিআরআই-এর এই সফল যৌথ অভিযান উত্তর-পূর্ব ভারতে সক্রিয় মাদক সিন্ডিকেটের নেটওয়ার্ক ভেঙে দিতে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Leave a Comment