নোটিফিকেশন জারির ৪ বছর পরও অধরা বাস্তবায়ন: বেলবাড়ি ব্লকে অন্তর্ভুক্তির দাবিতে জাতীয় সড়ক অবরোধ

প্রগতি ত্রিপুরা, ২৬ আগস্ট, ২০২৬: সরকারি নোটিফিকেশন জারির চার বছর অতিক্রান্ত হলেও তা বাস্তবে রূপ নেয়নি। টিটিএএডিসি-র চার ভিলেজ কমিটি এবং পুরাতন আগরতলার খয়েরপুর এলাকাকে বেলবাড়ি ব্লকে স্থানান্তরের সিদ্ধান্ত ঝুলিয়ে রাখার প্রতিবাদে এবার রাজপথে নামলেন ক্ষুব্ধ এলাকাবাসী। অতিশীঘ্রে সরকারি নির্দেশ চালুর দাবিতে বুধবার আসাম-আগরতলা জাতীয় সড়কের দশরাম মাধববাড়ি এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হয়।

বর্তমানে প্রশাসনিক ও সরকারি কাজের জন্য স্থানীয় অধিবাসীদের বহুদূরে যেতে হচ্ছে। ফলে অহেতুক সময় ও অর্থ অপচয়ের পাশাপাশি বয়স্ক ও প্রত্যন্ত এলাকার নাগরিকরা চরম হয়রানির শিকার হচ্ছেন। আন্দোলনকারীদের মতে, এলাকাগুলি বেলবাড়ি ব্লকের অধীনে এলে সরকারি দফতরে যাতায়াতের দূরত্ব ও পরিবহণ খরচ অনেকটাই কমবে। সরকারি নানা জনকল্যাণমূলক প্রকল্প ও প্রশাসনিক পরিষেবা দ্রুত মানুষের কাছে পৌঁছাবে।

বুধবার দীর্ঘক্ষণ পথ অবরোধের ফলে জাতীয় সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান প্রশাসনের পদস্থ আধিকারিকরা। তাঁদের সাথে আলোচনার পর এবং আগামী ১ সেপ্টেম্বর প্রশাসনিক স্তরে ইতিবাচক বৈঠকের আশ্বাসে আপাতত অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। তবে স্থানীয় নেতৃবৃন্দ স্পষ্ট হুশিয়ারি দিয়ে জানিয়েছেন, ১ সেপ্টেম্বরের বৈঠকে সুনির্দিষ্ট সমাধান না মিললে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।

Leave a Comment