ছাগল চুরি কে কেন্দ্র করে ধুন্ধুমার বিক্রমনগরে! অভিযুক্ত গৌতম দত্তের বাড়িতে ক্ষুব্ধ জনতার তাণ্ডব!!

প্রগতি ত্রিপুরা, ২৬ আগস্ট, ২০২৬: ছাগল চুরি ও নৃশংসতাকে কেন্দ্র করে মঙ্গলবার চরম উত্তেজনা ছড়ালো বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায়।

দীর্ঘদিনের অভিযুক্ত গৌতম দত্ত (৫০)-র বিরুদ্ধে আবারও উঠল চুরি ও ছাগল পিটিয়ে/গলায় ফাঁস দিয়ে মেরে ফেলার অভিযোগ।

ঘটনার বিবরণী থেকে জানা গেছে, মঙ্গলবার পাশের বাড়ির কুডু দাসের ছাগল চুরি করতে যায় গৌতম দত্ত। সেই সময় একটি ছাগল চিৎকার শুরু করলে, ধরা পড়ার ভয়ে নৃশংসভাবে ছাগলটির গলায় ফাঁস লাগিয়ে সেটিকে মেরে ফেলে অভিযুক্ত।

শুধু তাই নয়, স্থানীয়দের দাবি—একইভাবে আর বহু কান্ড ঘটিয়েছে সে। ঘটনাটি জানাজানি হতেই এলাকা ছেড়ে চম্পট দেয় গৌতম। ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকাবাসী।

উত্তেজিত জনতা একজোট হয়ে অভিযুক্ত গৌতম দত্তের বাড়ি ঘেরাও করে এবং ব্যাপক ভাঙচুর চালায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গৌতম দত্ত দীর্ঘদিন ধরে এলাকায় চুরি-ছিনতাইয়ের সাথে যুক্ত।

একাধিকবার তাকে হাতেনাতে ধরে আমতলী থানার পুলিশের হাতে তুলে দেওয়া হলেও পুলিশ কোনো কঠোর পদক্ষেপ নেয়নি।

শুধু ছাগল চুরিই নয়, এলাকার বিদ্যুৎ দপ্তরের অফিস থেকেও রড গ্রিলসহ বিভিন্ন সরকারি সামগ্রী চুরি করে গৌতম তার নিজের বাড়িতে লুকিয়ে রেখেছে বলে অভিযোগ করছেন গ্রামবাসীরা। বর্তমানে সেই চোরাই মালামাল তার বাড়িতেই পড়ে রয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আমতলী থানার পুলিশ। তবে মূল অভিযুক্ত গৌতম দত্ত এখনো পলাতক। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং তদন্তের স্বার্থে অভিযুক্তের ছেলেকে আটক করে থানায় নিয়ে গেছে বলে খবর।

অভিযুক্তের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে এখনো গোটা বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

Leave a Comment