প্রগতি ত্রিপুরা, ২৬ আগস্ট, ২০২৬: আগরতলার যোগেন্দ্রনগর সিপিআইএম দলীয় কার্যালয়ে পরিদর্শনে যান দলের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী। পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন, গত ২৪ তারিখ সন্ধ্যায় সিপিআইএমের দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা গণতন্ত্র ও সংবিধানের প্রতি শাসক দলের মনোভাবের বহিঃপ্রকাশ।
জিতেন চৌধুরীর অভিযোগ, বিজেপি কথায় কথায় রাষ্ট্রবাদ, গণতন্ত্র ও সংবিধানের কথা বললেও তাদের কর্মকাণ্ডে তার প্রতিফলন নেই। বিদ্যুতের মাশুল বৃদ্ধি সহ বিভিন্ন ইস্যুতে রাজ্যের মানুষ ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছেন বলেও দাবি করেন তিনি।
বিদ্যুৎ মাশুল নিয়ে মুখ্যমন্ত্রী ও বিদ্যুৎমন্ত্রীর বক্তব্যেরও সমালোচনা করেন সিপিআইএম রাজ্য সম্পাদক। তাঁর অভিযোগ, জনগণের ক্ষোভ আড়াল করতে একের পর এক বক্তব্য দেওয়া হচ্ছে। বিদ্যুৎ মাশুলে ১০০ শতাংশ ছাড়ের ঘোষণা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
জিতেন চৌধুরী আরও অভিযোগ করেন, বিদ্যুৎ মাশুলে ছাড় ঘোষণার জন্য বিজেপি ধন্যবাদ র্যালি করলেও একই সময়ে সিপিআইএমের দলীয় কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে। তাঁর দাবি, এ ধরনের ঘটনা গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী। বিরোধী দলের হয়ে কথা বললেই দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।








