প্রগতি ত্রিপুরা, ২৬ আগস্ট, ২০২৬: গত ৮ আগস্ট মধ্যরাতে সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার এবং গোপন অভিযানের দীর্ঘ তদন্তের পর অবশেষে ধরা পড়লেন এক চিহ্নিত মাদক কারবারি। বুধবার নগর বর্ডার রোড সংলগ্ন এলাকা থেকে সোনামুড়া থানার পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ আগস্ট ২০২৬ তারিখে গভীর রাতে সোনামুড়া থানার পুলিশ এবং ৮১ নম্বর ব্যাটালিয়ন বিএসএফ-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ইউ এন সি নগর (ওয়ার্ড নম্বর ২) ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় এক যৌথ অভিযান চালায়।
অভিযান চলাকালীন পুলিশ ও বিএসএফ-এর গাড়ি পৌঁছানোর টের পেয়ে উক্ত মাদক পাচারকারী নিজের মোটরসাইকেল ও পাচারের উদ্দেশ্যে রাখা ২৫ বোতল নিষিদ্ধ ‘এসকপ’ (Eskuf) কফ সিরাপ ফেলে অন্ধকারের সুযোগ নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেন।
পরবর্তী সময়ে ঘটনাস্থল থেকে পুলিশ উদ্ধার করে পাচারের কাজে ব্যবহৃত TR 07G-9155 নম্বরের একটি মোটরসাইকেল এবং বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আনা ২৫ বোতল নিষিদ্ধ কফ সিরাপ। ওইদিনই উদ্ধার হওয়া যান ও মাদকদ্রব্য জব্দ করে সোনামুড়া থানায় সুনির্দিষ্ট এনডিপিএস (NDPS) ধারায় একটি মামলা নথিভুক্ত করা হয়।
ঘটনার পর থেকেই অভিযুক্তকে জালে তুলতে তদন্ত চালিয়ে যাচ্ছিল সোনামুড়া থানার পুলিশ। অবশেষে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ নগর বর্ডার রোডের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। থানা সূত্রে জানানো হয়েছে, তদন্ত প্রক্রিয়া ত্বরান্বিত করতে এবং বাকি নেটওয়ার্কের তথ্য উদ্ঘাটনে আগামীকাল ধৃতকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে মহামান্য আদালতে প্রেরণ করা হবে।








