২৪ আগস্ট, ২০২৬: খোয়াই জেলা হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ অর্ঘ্যমাল্য দেববর্মা এবং অপারেশন থিয়েটারের দক্ষ টিমের সম্মিলিত প্রচেষ্টায় আরও একটি জটিল স্ত্রীরোগের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। খোয়াই জেলার সোনাতলা এলাকার ৪০ বছর বয়সি মানদা দেবনাথ, স্বামী রাম দেবনাথ, গত প্রায় ছয় মাস ধরে জটিল স্ত্রীরোগজনিত সমস্যায় ভুগছিলেন। বিশেষ করে মাসিকের সময় তিনি অস্বাভাবিক ও অতিরিক্ত রক্তক্ষরণের সমস্যায় ভুগছিলেন।
সমস্যার কারণে তিনি খোয়াই জেলা হাসপাতালের এমসিএইচ ক্লিনিকে স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ অর্ঘ্যমল্য দেববর্মার পরামর্শ নেন।রোগীর প্রয়োজনীয় রক্তপরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য চিকিৎসাগত পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করার পর পরিবারের সদস্যদের সম্মতিতে চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। পরবর্তীতে ১৯ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ২১ আগস্ট আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় প্রায় ১ ঘণ্টা ১০ মিনিট ধরে রোগীর জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়।
এই ধরনের অস্ত্রোপচারকে টোটাল আবডোমিনাল হিস্টারেক্টোমি উইথ বিলা টোরাল সালপিঙ্গু অপারেকটমি বলা হয়। চিকিৎসক ও অপারেশন থিয়েটারের সদস্যদের দক্ষতা, সমন্বিত প্রচেষ্টা ও পেশাদারিত্বের মাধ্যমে অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন হয়। বর্তমানে রোগী সুস্থ রয়েছেন। চিকিৎসকদের পর্যবেক্ষণে সুস্থ হয়ে ওঠার পর আজ তিনি বাড়ি পৌছেছেন। অস্ত্রোপচার টিমে উপস্থিত ছিলেন প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ অর্ঘ্যমল্য দেববর্মা, অ্যানেস্থেসিওলজিস্ট ডাঃ বিশ্বজিৎ দেববর্মা, নার্সিং অফিসার ত্রিনময় দেববর্মা ও সুজাতা দাস, ওটি অ্যাসিস্ট্যান্ট সান্তা কুমার ত্রিপুরা এবং জিডিএ কর্মী অরবিন্দ নম।আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা ও অস্ত্রোপচার সম্পন্ন হওয়ায় রোগীর পরিবার হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। খোয়াই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এই সংবাদ জানিয়েছেন।








