প্রগতি ত্রিপুরা, ২৩ আগস্ট, ২০২৬: স্নান করতে নেমে অলৌকিকবাবে নদীগর্ভে তলিয়ে গেল আট বছরের এক ফুটফুটে শিশু। ঘটনাটি ঘটেছে নবীনগরের মুক্তহুসেন পাড়া এলাকায়। নিখোঁজ শিশুর নাম আজমির হোসেন (৮)। মর্মান্তিক এই ঘটনার পর থেকে এলাকা জুড়ে নেমে এসেছে গভীর শোক ও তীব্র চাঞ্চল্য।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দিন নদীতে স্নান করতে নেমেছিল আজমির। কিন্তু সাঁতার কাটার এক পর্যায়ে সে হঠাৎ করেই নদীর গভীর জলে তলিয়ে যায়। তাকে আর ভেসে উঠতে না দেখে আশেপাশে থাকা মানুষজন চিৎকার শুরু করেন এবং তৎক্ষণাৎ উদ্ধারের চেষ্টা চালান। তবে নদীর তোড় বেশি থাকায় তাকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি।
ঘটনার খবর পাওয়া মাত্রই দুর্ঘটনাস্থলে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর বিশেষ তল্লাশি দল। নিখোঁজ শিশুটির খোঁজে নদীতে নামানো হয়েছে অভিজ্ঞ ডুবুরি। স্পিডবোট ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে নদীর একটি বিস্তৃত এলাকা জুড়ে জোরকদমে তল্লাশি অভিযান চালানো হয়। তবে স্থানীয়দের দাবি, দুর্ঘটনাস্থলে উদ্ধারের নামে ফায়ার সার্ভিসের এমন গাফিলতি ও দায়িত্বজ্ঞানহীন আচরণের তীব্র নিন্দা জানিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন ক্ষুব্ধ গ্রামবাসী।
দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও শিশু আজমিরের কোনো হদিস মেলেনি। শেষ পর্যন্ত খালি হাতেই ফিরতে হয় উদ্ধারকারী দলকে। এদিকে চোখের সামনে ছেলেকে হারিয়ে নদীর পাড়েই কান্নায় ভেঙে পড়েন আজমিরের মা ও পরিবার-পরিজন। মর্মান্তিক এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে গোটা নবীনগর এলাকায়।








