বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় সিঙ্গিছড়ায় আটক ৩ বাংলাদেশি! গ্রেফতার পাচারচক্রের পান্ডা!!

প্রগতি ত্রিপুরা, ২৩ আগস্ট, ২০২৬: খোয়াই জেলার সিঙ্গিছড়া এলাকায় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে খোয়াই থানার পুলিশ। একই সঙ্গে মানব পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক পান্ডাকেও গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, আটক বাংলাদেশি নাগরিকরা হলেন রিপন তালুকদার (৪০), সুনামগঞ্জ জেলার ফিরোজপুর এলাকার বাসিন্দা, সুজাতা তালুকদার (৩২) এবং এক নাবালক।

তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে অভিযোগ। এই ঘটনায় পাচারচক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রিয় লাল সরকার (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি রামনগর শীলপাড়া ভূমিহীন কলোনি এলাকার শশি মোহন সরকারের পুত্র বলে জানা গেছে। অভিযান চলাকালীন পুলিশ একটি গাড়িও আটক করে। আটক গাড়িটির নম্বর TR01BC0751।

প্রাথমিক তদন্তে গাড়িটি অবৈধ অনুপ্রবেশকারীদের পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছিল বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনার পর আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পাশাপাশি এই ঘটনার সঙ্গে জড়িত অন্য কোনও ব্যক্তি বা বৃহত্তর পাচারচক্রের যোগসূত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী