বিনোদন ডেস্ক: ফ্যাশন, গ্ল্যামার এবং নিজের জীবনদর্শনের রূপান্তর নিয়ে খোলামেলা আলোচনা করলেন বলউডের জনপ্রিয় অভিনেত্রী তৃপ্তি দিমরি। সম্প্রতি ভিক্টোরিয়া’স সিক্রেটের নতুন ‘বেস এক্স-ই’ (Base X-E) কালেকশনের উন্মোচন অনুষ্ঠানে ‘লুক্সুরিয়াস’ (Luxurious)-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিজের রূপরীতি ও আত্মবিশ্বাসের রহস্য প্রকাশ করেন।
অনুষ্ঠানের র্যাপিড-ফায়ার পর্বে নিজের পছন্দ জানাতে গিয়ে তৃপ্তি বলেন, স্যাটিনের চেয়ে লেস এবং হিলের চেয়ে স্নিকার্সেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। করসেট ও ওভারসাইজড ব্লেজারের মধ্যে দুটিকেই বেছে নেন তিনি। মেকআপের ক্ষেত্রে লাল লিপস্টিক তাঁর প্রথম পছন্দ। সংগ্রহের লেস বডিস্যুট কীভাবে পরা যেতে পারে—তা জানাতে গিয়ে অভিনেত্রী বলেন, “উঁচু কোমরযুক্ত প্যান্ট, হিল এবং ধারালো ব্লেজারের সাথে এই বডিস্যুটটি দারুণ মানাবে।”
গ্ল্যামার ও যৌনতার চেয়ে আত্মবিশ্বাসকেই এগিয়ে রেখেছেন তৃপ্তি। তিনি বলেন, “আমি স্বভাবতই আত্মবিশ্বাসের দিকে আকৃষ্ট হই, কারণ এটি ধার করা যায় না। এটি ভেতর থেকে আসে। আপনি একবার আত্মবিশ্বাসী হলে বাকি সব নিজের থেকেই প্রকাশ পায়।”
বয়সের সাথে সাথে ‘সেক্সি’ শব্দটির ধারণাও বদলেছে এই অভিনেত্রীর কাছে। তিনি স্মরণ করেন, “ছোটবেলায় আমার কাছে এটি শুধুই বাহ্যিক চেহারার ওপর নির্ভর করত। কিন্তু এখন আমার কাছে সেক্সি মানে এমন একজন মানুষ, যিনি আত্মবিশ্বাসী, নিজের মূল্য বোঝেন এবং নিজের সুনির্দিষ্ট মতামত রাখেন।”
যেকোনো বড় সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করার কৌশলও ভাগ করে নেন তৃপ্তি। জনসমক্ষে যাওয়ার আগে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখা ও নিজের ভেতরের সত্তার সাথে সংযোগ স্থাপন করাই তাঁর মূল মন্ত্র। আত্মবিশ্বাসের সুর হিসেবে নিজের পছন্দের তালিকায় ‘লাভ ইজ দ্য ওয়ে’ (Love is the way) গানটিকে শীর্ষ স্থান দিয়েছেন তিনি।








