প্রগতি ত্রিপুরা, ২১ আগস্ট, ২০২৬: প্রতিটি স্কুলে যোগ শিক্ষক হিসেবে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় ৫০ জন যুবকের কাছ থেকে ১ থেকে দেড় কোটি টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। প্রতারিত যুবকেরা প্রতিকার ও অভিযুক্তের শাস্তির দাবিতে বিশাগ্রামগঞ্জ পুলিশ স্টেশনে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারীদের দাবি, চণ্ডীগড়ের ‘মহর্ষি হেলথ ফাউন্ডেশন’-এর ত্রিপুরা রাজ্য সমন্বয়ক (স্টেট কোঅর্ডিনেটর) বাবুল কুমার জমাতিয়া ২০২৫ সালের অক্টোবর মাস থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ করেন। বিভিন্ন সরকারি স্কুলে প্লেসমেন্ট ও যোগ শিক্ষকের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে জনপ্রতি ১ লাখ ৭০ হাজার টাকা থেকে শুরু করে ৫ লাখ টাকা পর্যন্ত আদায় করা হয়। আগরতলার বনমালীপুরে এক মাসের ট্রেনিংশ শেষে দ্রুত পদে বসানোর আশ্বাস দেওয়া হলেও মাসের পর মাস ঘুরেও মেলেনি চাকরি।
বর্তমানে অভিযুক্ত বাবুল কুমার জমাতিয়া এবং তাঁর পরিবারের সদস্যরা নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন প্রতারিতরা। তাঁর যোগাযোগের সমস্ত ফোন নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে। বিশাগ্রামগঞ্জের পুষ্কবাড়ি এলাকার বাসিন্দা হলেও তিনি দীর্ঘদিন ধরে সেখানে অনুপস্থিত এবং আগরতলার এডি নগরে আত্মগোপন করে আছেন বলে ধারণা করা হচ্ছে। অন্যান্য বেকার যুবকেরা যাতে এমন প্রতারণার শিকার না হন, সেই জন্য পুলিশি হস্তক্ষেপ ও দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা।








