প্রগতি ত্রিপুরা, ২১ আগস্ট, ২০২৬: দীর্ঘদিন ধরে চরম বেহাল অবস্থায় পড়ে থাকা রাস্তার দ্রুত সংস্কার ও দুর্নীতির জবাবদিহির দাবিতে পথ অবরোধে নামলেন বিক্ষুব্ধ বাসিন্দারা। রাঙাউটি–কৈলাসহর ডাকবাংলো সড়কের বেহাল দশার প্রতিবাদে শুক্রবার টিলাবাজারে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন ই-অটো চালকরা। প্রায় তিন বছর ধরে রাস্তার সংস্কার না হওয়ায় বিক্ষোভ করেন তাঁরা। বিক্ষোভকারীদের পক্ষে এক প্রতিনিধি জানান, প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণের কয়েক মাসের মধ্যেই রাস্তার বিভিন্ন অংশ ভেঙে যায়।
বারবার দাবি জানানো হলেও পূর্ত দপ্তর স্থায়ী সংস্কারের উদ্যোগ নেয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ডিসিএম মতি দেববর্মা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, টিএসআর ও অগ্নিনির্বাপক কর্মীরা মোতায়েন ছিলেন। অবরোধের জেরে সড়কের দু’দিকে যানজটের সৃষ্টি হয়।ই-অটো চালকদের দাবি, পূর্ত দপ্তরের আধিকারিক এসে রাস্তা সংস্কারের বিষয়ে স্পষ্ট আশ্বাস না দেওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। বিগত প্রায় তিন বছর ধরে এই সড়কটির অবস্থা অত্যন্ত খারাপ। নামমাত্র রক্ষণাবেক্ষণের কাজ হলেও কাজের কাজ কিছুই হয়নি।
ডাকবাংলা থেকে রাঙামাটি পর্যন্ত প্রায় সাড়ে ৭ কোটি টাকা ব্যয়ে যে কাজ হয়েছিল, তাতে চরম অনিয়ম ও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি। কার স্বার্থে ও কাদের মদতে এই নিম্নমানের কাজ হয়েছে, তার স্পষ্ট জবাব চান আন্দোলনকারীরা। দীর্ঘক্ষণ পথ অবরোধ চললেও প্রশাসনের বা সংশ্লিষ্ট দপ্তরের কোনো আধিকারিক ঘটনাস্থলে না আসায় তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। বিক্ষোভকারীদের সাফ হুঁশিয়ারি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাস্তা মেরামতের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু না হলে তাঁরা অনির্দিষ্টকালের জন্য পথ অবরোধের পথে হাঁটবেন।








