প্রগতি ত্রিপুরা, ২১ আগস্ট, ২০২৬: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘এক পেড় মা কে নাম’ কর্মসূচিকে সামনে রেখে ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে আগামী ২৫ আগস্ট বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করা হয়েছে। ২৫ আগস্ট বিকেল চারটায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। আজ ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশন লিমিটেডের অফিস কক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান জহর সাহা।
তিনি বলেন, ১৯৮৭ সালে ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশন লিমিটেড প্রথম গঠিত হয়। এই প্রথমবারের মতো রাজ্যের রাজ্যপাল বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশন লিমিটেডের অফিস প্রাঙ্গণে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিধায়ক মীনা রানী সরকার সহ এলাকার কর্পোরেটরগন। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সহ কর্পোরেশনের অন্যান্য সদস্যগণ।








