প্রগতি ত্রিপুরা,১৮ আগস্ট, ২০২৬: গভীর রাতে বাড়িতে ঢুকে অস্ত্র উঁচিয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য ছড়ালো ধর্মনগর থানাধীন আলগাপুর গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডে। দুষ্কৃতীদের হামলায় গুরুতর আহত হয়েছেন গৃহবধূ পায়েলে রায়। লুট করে নিয়ে যাওয়া হয়েছে সোনার অলংকার ও নগদ মোটা অঙ্কের টাকা।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার বাসিন্দা বিক্রমজিৎ রায় পেশায় একজন টমটম চালক। সোমবার রাতে কাজের দরুন তিনি ধর্মনগরেই অবস্থান করছিলেন। রাত ১১টা নাগাদ বাড়ির দরজায় হঠাৎ কারও উপস্থিতি টের পেয়ে বিক্রমজিতের স্ত্রী পায়েল দেবী ভাবেন তাঁর স্বামী হয়তো ফিরেছেন। সরল বিশ্বাসে দরজা খুলতেই ওঁৎ পেতে থাকা দুষ্কৃতীরা তাঁর মাথার পেছনে সজোরে আঘাত করে। আঘাতের তীব্রতায় তিনি সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন।

দুষ্কৃতীরা এরপর পায়েল দেবীর মুখ ওড়না দিয়ে শক্ত করে বেঁধে ফেলে এবং প্রাণনাশের হুমকি ও অস্ত্র প্রদর্শন করে বাড়িতে থাকা সোনার অলংকার ও নগদ টাকা লুট করে চম্পট দেয়। উল্লেখ্য, এই ঘটনার সময় পাশেই অন্য একটি ঘরে বিক্রমজিতের ভাই ও তাঁর স্ত্রী ঘুমিয়ে থাকায় প্রাথমিক অবস্থায় তাঁরা বিষয়টি টের পাননি।
রাত পৌনে ১২টা নাগাদ বিক্রমজিৎ রায় কাজ শেষে বাড়ি ফিরে দেখেন পুরো বাড়ি অন্ধকার। ঘরের ভেতরে ঢুকে স্ত্রীকে মুখ বাঁধা অবস্থায় রক্তাক্ত ও অচেতন হয়ে পড়ে থাকতে দেখে তিনি চিৎকার করে ওঠেন। তাঁর চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে আসেন। দ্রুত আহত পায়েল দেবী উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার প্রাথমিক চিকিৎসার পর তাঁকে বাড়ি নিয়ে আসা হয়েছে।
আহত গৃহবধূ জানান, ঘরে কোনো আলো না থাকায় এবং হঠাৎ আক্রমণ করায় তিনি হামলাকারীদের চিনতে পারেননি।
ঘটনার খবর পেয়ে রাতেই ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রাথমিক তদন্ত শুরু করে। এক আবাসিক এলাকায় এমন দুঃসাহসিক ডাকাতির ঘটনায় সমগ্র আলগাপুরে তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, দুষ্কৃতীদের শনাক্ত করা ও লুট হওয়া সামগ্রী উদ্ধারে জোর তল্লাশি অভিযান চালানো হচ্ছে।








