প্রগতি ত্রিপুরা,১৮ আগস্ট, ২০২৬: মোহনপুর মহকুমার লেফুঙাস্থিত ইলেকট্রিক্যাল সাব-ডিভিশন কার্যালয়ে গভীর রাতে একদল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। ঘটনার পর দপ্তর কর্তৃপক্ষের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে।
কার্যালয়ের সিনিয়র ম্যানেজার দেবে দেববর্মা জানান, সকালে কর্মচারীরা ডিউটিতে এসে দপ্তরের প্রধান দরজা, তালা ও ক্যাশ কাউন্টারের দরজা ভাঙা অবস্থায় দেখতে পান। এছাড়া শোরুমের জানালায় ভাঙচুরের চিহ্ন ও দাগ পরিলক্ষিত হয়।
স্থানীয় সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে তিনি জানান, ঘটনাটি ঘটে গত রাতে আনুমানিক পৌনে ১২টা নাগাদ। বৃষ্টি থামার পর ১০ থেকে ১২ জনের একটি দল এসে দপ্তরে চড়াও হয় এবং ক্যাশ কাউন্টারসহ বিভিন্ন স্থানে ভাঙচুর চালায়। তবে প্রাথমিক পরিদর্শন শেষে দপ্তর থেকে কোনো জিনিসপত্র বা ক্যাশ চুরি গেছে কি না, তা এখনও স্পষ্ট নয়।
বিদ্যুৎ বিভ্রাটের জেরে এই হামলা কি না—প্রশ্নে সিনিয়র ম্যানেজার জানান, বর্ষার মৌসুমে জঙ্গলবেষ্টিত দীর্ঘ বিদ্যুৎ লাইনে প্রায়শই কিছু ত্রুটি দেখা দেয় এবং সংযোগ বিচ্ছিন্ন হয়। গত রাতেও বৃষ্টির পর কিছু সময়ের জন্য সংযোগ ব্যাহত হয়েছিল, যা রাত ১০টার পর টেকনিশিয়ানরা মেরামত করেন। ধারণা করা হচ্ছে, সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের ক্ষোভ থেকেই এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।








