খুমুলুঙে আবাসিক স্বল্পমেয়াদি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি শুরু

প্রগতি ত্রিপুরা, ১৪ আগস্ট, ২০২৬: দক্ষতা উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আজ থেকে খুমুলুঙস্থিত কনস্ট্রাকশন ওয়ার্কার্স ট্রেনিং ইনস্টিটিউট ত্রিপুরাতে আবাসিক স্বল্পমেয়াদি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। রিটার্নিজ রিহ্যাবিলিটেশন ইনিশিয়েটিভের আওতাধীন আত্মসমর্পণকারী রিটার্নিজদের এই প্রশিক্ষণ প্রদান করা হবে। দুটি বিভাগে ৫৫ জন আত্মসমর্পণকারীদের প্রশিক্ষণ দেওয়া হবে।

এরমধ্যে ২৫ জন প্রার্থীকে ৬০ দিন মেয়াদি সেলফ এমপ্লয়েড টেইলার প্রশিক্ষণ দেওয়া হবে, যা ত্রিপুরা স্মল ইন্ডাস্ট্রি কর্পোরেশন লিমিটেড পরিচালনা করবে। অবশিষ্ট ৩০ জন প্রার্থীকে ৭৫ দিনের রাজমিস্ত্রির (ব্রিক মেশন) প্রশিক্ষণ দেওয়া হবে, যা কনস্ট্রাকশন ওয়ার্কার্স ট্রেনিং ইনস্টিটিউট ত্রিপুরা পরিচালনা করবে।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার, দক্ষতা উন্নয়ন অধিদপ্তরের অধিকর্তা প্রদীপ কে., এমডিসি উৎপল দেববর্মা, কনস্ট্রাকশন ওয়ার্কার্স ট্রেনিং ইনস্টিটিউট ত্রিপুরার অধ্যক্ষ সুমিত মজুমদার এবং বিশ্বমোহন দেববর্মা সহ অন্যান্য আধিকারিক ও প্রশিক্ষকগণ উপস্থিত ছিলেন।

সুবিধাভোগীদের বাস্তবসম্মত দক্ষতায় পারদর্শী করে তুলতে এবং তাদের কর্মসংস্থান ও টেকসই জীবিকার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। আবাসিক প্রশিক্ষণ কর্মসূচিটি যাতে সুচারুভাবে পরিচালিত হয় তারজন্য খুমুলুঙের কনস্ট্রাকশন ওয়ার্কার্স ট্রেনিং ইনস্টিটিউট ত্রিপুরাতে থাকা খাওয়া সহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থার আয়োজন করা হয়েছে। দক্ষতা উন্নয়ন অধিদপ্তরের অনুমোদিত নিয়মাবলি অনুসারেই থাকা খাওয়ার সুবিধা প্রদান করা হচ্ছে। দক্ষতা উন্নয়ন অধিদপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী