অনলাইন ডেস্ক, ১২ আগস্ট,২০২৬: ভারতের মানচিত্রে বদলে গেল আরও একটি রাজ্যের নাম। ‘কেরালা’ রাজ্যের নাম পরিবর্তন করে ‘কেরালম’ করার ঐতিহাসিক বিলে চূড়ান্ত অনুমোদন দিল দেশের সংসদ। মঙ্গলবার লোকসভায় পাসের পর, বুধবার রাজ্যসভাতেও ধ্বনিভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়ে গেল ‘কেরালা (নাম পরিবর্তন) বিল, ২০২৬’।
মালয়ালম ভাষায় এই রাজ্যটি আবহমানকাল ধরেই ‘কেরালম’ নামে পরিচিত। স্থানীয় ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে সম্মান জানাতেই এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য বিধানসভার দীর্ঘদিনের দাবির পর কেন্দ্র এই পদক্ষেপে সিলমোহর দিল।
উল্লেখ্য, ২০২৪ সালের জুন মাসে কেরালা রাজ্য বিধানসভায় সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব গ্রহণ করে কেন্দ্রে পাঠানো হয়েছিল। সেই প্রস্তাবে সংবিধানের ৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যটির নাম আনুষ্ঠানিকভাবে ‘কেরালম’ করার অনুরোধ জানানো হয়। সূত্র: ডিডি নিউজ। পরবর্তী সময়ে রাষ্ট্রপতির অনুমোদনের পর সংশ্লিষ্ট বিলটি পুনর্বিবেচনার জন্য রাজ্য বিধানসভায় পাঠানো হলে সেখানেও তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
সংসদে বিলটি পাস হওয়ার ফলে ভারতের সংবিধানের প্রথম তফসিলে থাকা ‘কেরালা’ শব্দটি সংশোধন করে ‘কেরালম’ করা হবে। এর ফলে সরকারি সমস্ত নথিপত্র, রাজ্য প্রশাসন এবং কেন্দ্র-রাজ্য যোগাযোগের ক্ষেত্রে এখন থেকে আনুষ্ঠানিকভাবে ‘কেরালম’ নামটি ব্যবহৃত হবে।








