মেম, সব গাছ কেটে ফেলছ যে… আমরা নিঃশ্বাস কিভাবে নেব?

প্রগতি ত্রিপুরা, ০৭ অগাস্ট, ২০২৬: বইয়ের পাতায় পড়েছি গাছ লাগান, প্রাণ বাঁচান । আর বাস্তবে? বাস্তবে একটা তৃতীয় শ্রেণির মেয়ে এসে জিজ্ঞেস করছে — মেম, সব গাছ কেটে ফেললে আমরা নিঃশ্বাস নেব কিভাবে? একটা প্রশ্ন। একটা কুঠারের চেয়েও ধারালো প্রশ্ন। আজকের গল্প বিলোনিয়ার। গল্পটা স্মৃতির স্কুল আর হারিয়ে যাওয়া সবুজের। বিলোনিয়া যোগমায়া কালীবাড়ি লাগোয়া জেবি স্কুল। একসময় যার নাম ছিল মডেল স্কুল । সেই মডেল স্কুলের আঙিনা জুড়ে ছিল আগরের গন্ধ, নিমের ছায়া, নাগেশ্বরের সুবাস আর মেহগনির মাথা উঁচু করা গর্ব। ছাত্র-ছাত্রীর কোলাহল, ঘন্টার ধ্বনি — সব মিলিয়ে প্রাণ ছিল।আজ? আজ সেই প্রাণটাই কেটে ফেলা হয়েছে। অভিযোগ, রিস্কি গাছের কারণ দেখিয়ে স্কুল পরিচালন কমিটির চেয়ারম্যান তথা কাউন্সিলর দীপা পালের উদ্যোগে কেটে সাফ করা হলো স্কুলের সমস্ত গাছ। বনদপ্তরের লোক এসে কুঠার চালালো। পড়ে রইল শুধু গুঁড়ি আর ধুলো। স্কুলের বাতাবরণ এখন ধু-ধু মরুভূমি।

মেম, সব গাছ কেটে ফেলছ যে… আমরা নিঃশ্বাস কিভাবে নেব?
ছোট্ট কণ্ঠ, বড় প্রশ্ন_

এই একটা লাইন। আর এই একটা লাইনেই হতবাক গোটা স্কুল। যে বয়সে পুতুল খেলার কথা, সে বয়সে অক্সিজেনের হিসাব।স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মৌসুমী ঘোষ পালও এই গণ-ছেদনে উদ্বিগ্ন। তার বক্তব্য, তিনি শুধু দুটো বিপজ্জনক গাছ আর ডালপালা ছাঁটার কথা বলেছিলেন। কিন্তু হলো উল্টোটা। বভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মৌসুমী ঘোষ পাল বলেন আমি বলিনি সব গাছ কাটতে। আমি বলেছিলাম দুটো গাছের কথা। বাকিগুলোর ডাল ছেঁটে দেওয়ার কথা। কিন্তু এসে সব কেটে দিল।

এইদিকে মহকুমা শাসকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে বক্তব্য ভিন্ন। মহকুমা শাসকের কথায়, কাউন্সিলরের রিকুইজিশন লেটার পেয়েই ফরেস্ট দপ্তরের সঙ্গে কথা বলে গাছ কাটা হয়েছে। কোনো নতুন বিল্ডিংও নাকি হবে না। কোন গাছ কাটা হবে তার মাপজোকও নাকি কাউন্সিলরই করে দিয়েছেন। একদিকে দেশজুড়ে “এক পেড় মা কে নাম” — মায়ের নামে একটা গাছ লাগানোর ডাক। আর অন্যদিকে বিলোনিয়ার এই স্কুলে মায়ের মতো আগলে রাখা গাছগুলোকেই উপড়ে ফেলা হলো।এলাকাবাসীর প্রশ্ন একটাই — উন্নয়নের নামে কি আমরা ভবিষ্যতের অক্সিজেন বন্ধ করে দিচ্ছি? তৃতীয় শ্রেণির পূরুবী দাস বইয়ে না পড়েই বুঝে গেছে পরিবেশের পাঠ। আর আমরা? আমরা ফাইলে সই করেই ভুলে গেলাম সেই পাঠ। গাছ কাটা হলো। কিন্তু প্রশ্নটা থেকে গেল — আমরা নিঃশ্বাস নেব কিভাবে?

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী