পাঁচ দফা দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

প্রগতি ত্রিপুরা,৪ আগস্ট, ২০২৬: বকেয়া সুবিধা প্রদান, শূন্যপদে নিয়োগ এবং বদলি নীতির সংশোধনসহ একাধিক দাবি সামনে রেখে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের দুই সংগঠন। মঙ্গলবার আগরতলায় ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন যৌথভাবে পাঁচ দফা দাবি তুলে ধরে। পাশাপাশি আগামী ৮ ও ৯ আগস্ট অনুষ্ঠিতব্য প্রথম যৌথ সম্মেলনের কর্মসূচিও ঘোষণা করা হয়।

সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন দুই সংগঠনের চেয়ারপার্সন বিপ্লব সাহা, অফিসার্স ফেডারেশনের সভাপতি ডেভিড দেববর্মা ও সাধারণ সম্পাদক তমাল দেবনাথ, এমপ্লয়িজ ফেডারেশনের সভাপতি অন্বেষা দাস এবং সাধারণ সম্পাদক সৌভিক নাগ।

ফেডারেশনের পক্ষ থেকে তমাল দেবনাথ জানান, ৮ ও ৯ আগস্ট আগরতলার হোটেল সোনারতরীতে বিকেল ৫টা থেকে দুই সংগঠনের প্রথম যৌথ সম্মেলন অনুষ্ঠিত হবে। ৮ আগস্টের উন্মুক্ত অধিবেশনে ব্যাংকের সকল কর্মকর্তা ও কর্মচারীকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

সংগঠনগুলির প্রকাশিত পাঁচ দফা দাবি সনদে নবম যৌথ নোট ও দ্বাদশ দ্বিপাক্ষিক চুক্তির আওতায় বকেয়া আর্থিক ও অন্যান্য সুবিধা দ্রুত কার্যকর করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি স্পনসর ব্যাংকের সমপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের ভাতা, বিশেষ সুযোগ-সুবিধা এবং কল্যাণমূলক সুবিধা নিশ্চিত করার আহ্বানও জানানো হয়।

এছাড়া আঞ্চলিক গ্রামীণ ব্যাংক আইনের বিধান মেনে স্পনসর ব্যাংক থেকে ডেপুটেশনে কর্মী পাঠানো বন্ধ করা এবং ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের স্বতন্ত্র পরিচয় অক্ষুণ্ণ রাখার দাবি তোলা হয়েছে। ব্যাংকের শূন্য অফিস সহায়ক পদে দ্রুত নিয়োগ সম্পন্ন করা এবং আর্থিক পরিষেবা বিভাগের নির্দেশিকা অনুযায়ী স্বচ্ছ ও মানবিক বদলি নীতি কার্যকর করার দাবিও জানানো হয়েছে।

ফেডারেশনের নেতৃত্বের বক্তব্য, দীর্ঘদিন ধরে কর্মকর্তা ও কর্মচারীরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তাই তাঁদের ন্যায্য দাবিগুলির বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ ইতিবাচক পদক্ষেপ নেবে বলে তারা আশা প্রকাশ করেন। একই সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান এবং দাবি সনদের বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী