ঐতিহাসিক পুকুর সংস্কারে প্রশাসনিক তৎপরতা: রাজধানীর জলশয় পরিদর্শনে মুখ্যমন্ত্রী, তোপ বিরোধীদের

প্রগতি ত্রিপুরা, ০৩ আগস্ট, ২০২৬: রাজধানীর ঐতিহ্যবাহী ও পুরনো জলাশয়গুলোকে নতুন রূপ দিতে এবং শহরের পরিবেশ রক্ষায় বিশেষ নজর দিয়েছে রাজ্য সরকার। এই কর্মপরিকল্পনার অংশ হিসেবেই সোমবার সরজমিনে রাজধানীর মধ্যপাড়ার ‘চলমান সংঘ’ এবং ঐতিহ্যবাহী ‘প্রভু বাড়ি’র পুকুর পুনরুজ্জীবন কাজ পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা। সঙ্গে ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, পুর কমিশনার এবং প্রশাসনিক পদস্থ আধিকারিকেরা।

পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী জানান, আগরতলার শতাব্দীপ্রাচীন পরিত্যক্ত ও অবহেলিত জলাশয়গুলোকে চিহ্নিত করে সেগুলোর সংস্কার শুরু করেছে আগরতলা পুরনিগম। ইতোমধ্যে শিববাড়ি ও প্রভু বাড়ির পুকুরসহ বেশ কিছু প্রাচীন জলাশয়কে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। মুখ্যমন্ত্রী ক্ষোভের সঙ্গে জানান, প্রভু বাড়ির মূল্যবান পুকুরটি দীর্ঘদিন ধরে এলাকার কিছু অসাধু লোক অবৈধভাবে দখল করে রেখেছিল। পুরনিগম সেটি জবরদখল মুক্ত করে সৌন্দর্যায়ন ও পুনরুজ্জীবনের কাজ শুরু করেছে। পরিদর্শনের সময় উপস্থিত আধিকারিক ও ঠিকাদার সংস্থাকে আগামী তিন মাসের মধ্যে সমস্ত কাজ সম্পন্ন করার কড়া নির্দেশ দেন তিনি।

আগরতলার সার্বিক পরিকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে ড. সাহা দাবি করেন, বিগত সময়ের তুলনায় বর্তমান সরকার আগরতলা শহরের প্রায় ৮৫ শতাংশ চেহারা বদলে দিতে সক্ষম হয়েছে। বাকি কাজগুলোও দ্রুত গতিতে এগিয়ে চলেছে।

বিরোধীদের তোপ ও বেআইনি কর্মকাণ্ডে হুঁশিয়ারি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান দুই বিরোধী দল সিপিআইএম ও কংগ্রেসকে আড়াআড়ি বিঁধে মুখ্যমন্ত্রী বলেন, “বিরোধী রাজনৈতিক দলগুলোর চোখে এই অভূতপূর্ব উন্নয়ন ধরা পড়ে না। অহেতুক সমস্যা তৈরি করাই তাদের প্রধান কাজ, আর আমাদের সরকারের মূল লক্ষ্যই হলো মানুষের সমস্যা সমাধান করা।”

এর পাশাপাশি মাদক ও যেকোনো ধরনের সামাজিক অনাচারের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, কোনো প্রকার বেআইনি কার্যকলাপ বরদাস্ত করা হবে না। সাধারণ মানুষকে এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি আশ্বাস দেন, সরকার সবসময় নাগরিকদের পাশে রয়েছে।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী