প্রগতি ত্রিপুরা, ০৩ আগস্ট, ২০২৬: মালিকের বাড়িতে কাজের সুযোগে মূল্যবান স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগে এক মহিলা গৃহপরিচারিকাকে গ্রেপ্তার করল পশ্চিম আগরতলা থানার পুলিশ। ধৃতের ভাড়াঘর থেকে উদ্ধার হয়েছে প্রায় ২ লক্ষ ১১ হাজার টাকা মূল্যের চুরি যাওয়া সোনার গয়না।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগরতলার কৃষ্ণনগর ম্যাগনেট ক্লাব সংলগ্ন এলাকার বাসিন্দা নিরুপমা দেববর্মার বাড়িতে দীর্ঘদিন ধরে গৃহপরিচারিকা হিসেবে কাজ করছিলেন ওই মহিলা। গত রবিবার গৃহকর্ত্রী নিরুপমা দেববর্মা হঠাৎই খেয়াল করেন যে তাঁর আলমারিতে রাখা বেশ কিছু সোনার অলংকার নিখোঁজ। বিষয়টি নিয়ে তিনি সরাসরি সন্দেহভাজন পরিচারিকাকে জিজ্ঞাসাবাদ করলে, সে চুরির কথা অস্বীকার করে।
পরবর্তীকালে কোনো উপায় না দেখে নিরুপমা দেবী পশ্চিম আগরতলা থানার দ্বারস্থ হন এবং একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার বিস্তারিত জানিয়ে পশ্চিম আগরতলা থানার ওসি সঞ্জিত সেন জানান, অভিযোগ পাওয়ার পর পরই পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে সোমবার অভিযুক্ত পরিচারিকার ভাড়া বাড়িতে আচমকা অভিযান চালায় পুলিশি দল।
তল্লাশি চলাকালীন উদ্ধার হয় গৃহকর্ত্রীর ঘর থেকে খোয়া যাওয়া সমস্ত স্বর্ণালঙ্কার, যার বাজারমূল্য আনুমানিক ২ লক্ষ ১১ হাজার টাকা। হাতেনাতে প্রমাণ মেলায় পুলিশ তখনই অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। সোমবারই ধৃতকে পুলিশি হেফাজতে এনে আদালতের সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে খবর।








