অনলাইন ডেস্ক, ৩ অগাস্ট, ২০২৬: দুর্নীতির অভিযোগে কঠোর পদক্ষেপ নিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে দীর্ঘ ৮ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে যুক্তরাষ্ট্রের ২৬ বছর বয়সী ক্রিকেটার বোদুগুম অখিলেশ রেড্ডিকে। আইসিসির দুর্নীতি বিরোধী ট্রাইব্যুনালে তিনটি পৃথক বিধিমাল্লা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় এই শাস্তি দেওয়া হলো। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ২০২৫ আবুধাবি টি-১০ লিগে অখিলেশের বিরুদ্ধে অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত থাকার প্রমাণ মেলে। টুর্নামেন্টটিতে এমিরেটস ক্রিকেট বোর্ডের হয়ে অ্যান্টি-করাপশন তদারকির দায়িত্বে ছিল আইসিসি।
তদন্ত চলাকালীন ২০২৫ সালের ২১ নভেম্বর তাকে সাময়িক স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। নির্ধারিত নিয়ম অনুযায়ী, ওই তারিখ থেকেই তার আট বছরের এই নিষেধাজ্ঞা কার্যকর শুরু হচ্ছে। আইসিসির দুর্নীতিবিরোধী আইনের অধীন তিনটি নির্দিষ্ট ধারায় অখিলেশকে অপরাধী সাব্যস্ত করেছে ট্রাইব্যুনাল: ম্যাচ প্রভাবিত করার চেষ্টা (ধারা ২.১.১): টি-১০ টুর্নামেন্টের ম্যাচের কোনো অংশ বা ফলাফল অনৈতিক উপায়ে প্রভাবিত করা কিংবা ম্যাচ ফিক্সিংয়ের ষড়যন্ত্রে যুক্ত থাকা।
অন্যকে প্ররোচিত করা (ধারা ২.১.৪): টুর্নামেন্টের অন্য কোনো সদস্য বা খেলোয়াড়কে অনৈতিক কাজে অংশ নিতে উৎসাহিত বা বাধ্য করা।
প্রমাণ মুছে ফেলা (ধারা ২.৪.৭): তদন্তে বাধা সৃষ্টির লক্ষ্যে নিজ মোবাইল ডিভাইস থেকে গুরুত্বপূর্ণ বার্তা ও তথ্য মুছে ফেলে আলামত নষ্ট করা।
যুক্তরাষ্ট্রের জার্সিতে আন্তর্জাতিক ক্যারিয়ারে মোট ৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন অখিলেশ রেড্ডি। নর্থ আমেরিকা টি-টোয়েন্টি কাপে কেম্যান আইল্যান্ডসের বিপক্ষে প্রথমাভিষেক ঘটে এই ব্যাটারের। জাতীয় দলের হয়ে ১টি উইকেট শিকারের রেকর্ডও রয়েছে তার ঝুড়িতে।








