জরিমানা আদায় ঘিরে বিশালগড় থানার পুলিশের সাথে অটো চালকদের ঝামেলা

অনলাইন ডেস্ক, ২ অগাস্ট, ২০২৬: আইন চালুর আগে নিজেরা কতটা আইন মানছেন, তা নিয়ে প্রশ্ন তুলে দিনভর সরগরম রইল কমলাসাগর সংলগ্ন লেম্বুতুলি এলাকা। রবিবার সকালে জরিমানা আদায়কে কেন্দ্র করে বিশালগড় থানার পুলিশের সঙ্গে অটো চালকদের দফায় দফায় তর্কাতর্কি ও তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। শেষ পর্যন্ত চালকদের যুক্তির মুখে পিছু হটতে বাধ্য হয় পুলিশ প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে লেম্বুতুলি এলাকায় যানবাহন চেকিং অভিযানে বসেছিল বিশালগড় থানার পুলিশ। অভিযোগ, যেসব অটোতে ‘গ্লাস পেপার’ বা ব্ল্যাক ফিল্ম লাগানো ছিল, সেগুলিকে আটকে মোটা অংকের জরিমানা আদায় শুরু করেন দায়িত্বরত পুলিশ কর্মীরা। চালকদের একাংশের দাবি, ছুটির দিনের সুযোগ নিয়ে অহেতুক হেনস্থা করতেই এই অভিযান চালানো হচ্ছিল।

কিন্তু হঠাৎই পরিস্থিতি রূপ নেয় অন্য খাতে। একজোট হয়ে পুলিশের এই একতরফা অভিযানের বিরুদ্ধে সুর চড়ান অটো চালকেরা। তাঁদের সাফ বক্তব্য— “আইন সবার জন্য সমান। শুধু আমাদের অটো থেকে গ্লাস পেপার তোলার জরিমানা হবে কেন? পুলিশের নিজস্ব গাড়িতে কেন ব্ল্যাক ফিল্ম লাগানো থাকবে?”

বিক্ষুব্ধ চালকেরা আঙুল তুলে ধরেন ঘটনাস্থলে থাকা বিশালগড় থানার গাড়িটির (TR 07 2578) দিকে। দেখা যায়, পুলিশের সেই নিজস্ব গাড়ির কাঁচেই ঝুলছে কালো গ্লাস পেপার!

চালকদের ক্ষোভের মুখে পড়ে রীতিমতো অস্বস্তিতে পড়েন পুলিশ কর্মীরা। অটো চালকেরা স্পষ্ট জানিয়ে দেন, সড়ক দুর্ঘটনা কিংবা অপরাধ রুখতে যদি গ্লাস পেপার তোলা জরুরি হয়, তবে পুলিশকে আগে নিজেদের গাড়ি থেকে তা খুলে উদাহরণ তৈরি করতে হবে। পুলিশের গাড়ি যে দুর্ঘটনায় পড়বে না— এমন কোনো লিখিত গ্যারান্টি নেই।

সাধারণ চালকদের এই যুক্তি ও ঐক্যবদ্ধ প্রতিবাদের সামনে একপ্রকার ব্যাকফুটে চলে যায় পুলিশ। চরম লজ্জাজনক পরিস্থিতিতে পড়ে শেষ পর্যন্ত সুর নরম করতে বাধ্য হয় প্রশাসন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বেশ কিছুক্ষণ রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী