প্রগতি ত্রিপুরা, ২৮ জুলাই, ২০২৬: বিশালগড়-গোলাঘাটি সড়কের তালতলা এলাকায় বালুবোঝাই একটি ট্রিপার দুর্ঘটনার কবলে পড়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও দুর্ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি, তবে ঘটনাকে কেন্দ্র করে ফের ভারী যানবাহনের বেপরোয়া গতিবিধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
প্রত্যক্ষদর্শীদের দাবি, অতিরিক্ত গতি এবং নিয়ন্ত্রণ হারানোর কারণেই ট্রিপারটি দুর্ঘটনার শিকার হয়। তাঁদের অভিযোগ, প্রতিদিন ভোররাত থেকেই এই সড়ক দিয়ে একের পর এক বালুবোঝাই ট্রিপার দ্রুতগতিতে চলাচল করে, যার ফলে সাধারণ যাত্রী ও পথচারীদের নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
স্থানীয়দের আরও অভিযোগ, গোলাঘাটি ও সংলগ্ন এলাকায় বালু উত্তোলনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই নানা সমস্যা দেখা দিচ্ছে। তাঁদের দাবি, অবৈধভাবে বালু তোলার কারণে পরিবেশের ক্ষতি হওয়ার পাশাপাশি আশপাশের বসতবাড়ি ঝুঁকির মুখে পড়ছে এবং ভবিষ্যতে বন্যার আশঙ্কাও বাড়তে পারে।
এলাকাবাসীর বক্তব্য, ভারী বালুবোঝাই যানবাহনের বেপরোয়া চলাচলের উপর কার্যকর নজরদারি ও নিয়ন্ত্রণের অভাব রয়েছে। এর ফলে যে কোনও সময় বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।
এই ঘটনার পর নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর নজরদারি, অতিরিক্ত গতিতে চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং বালুবাহী ট্রিপারের চলাচলে নিয়মকানুন কঠোরভাবে প্রয়োগের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।








