প্রগতি ত্রিপুরা , ২৭ জুলাই, ২০২৬ : জুবাইদা মৃত্যুর রহস্য উন্মোচনের দাবিতে বাবুর বাজারে এসএফআইয়ের বিক্ষোভ, রাস্তা অবরোধ কৈলাশহর, ২৭ জুলাই: কৈলাশহরের বহুল আলোচিত জুবাইদা রহস্যমৃত্যুর ঘটনায় এবার সরব হলো স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া (এসএফআই)। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার সকাল সাড়ে ১০টায় বাবুর বাজারে এসএফআই কৈলাশহর মহকুমা কমিটির উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও মূল সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়।
সংগঠনের সদস্যদের পাশাপাশি বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে মিছিলটি বাবুর বাজার এলাকার বিভিন্ন সড়ক পরিক্রমা করে। পরে মূল সড়কে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করেন আন্দোলনকারীরা। এর ফলে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
বিক্ষোভকারীদের একটাই দাবি— জুবাইদা মৃত্যুর প্রকৃত রহস্য অবিলম্বে উন্মোচন করতে হবে এবং এই ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। তাঁদের অভিযোগ, ঘটনাটি নিয়ে মানুষের মধ্যে এখনও একাধিক প্রশ্নের উত্তর মেলেনি। তাই নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে সত্য সামনে আনার দাবি জানান আন্দোলনকারীরা।
আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসএফআই কৈলাশহর মহকুমা সভাপতি শাহাবুদ্দিন, রাজ্য কমিটির সদস্য আব্দুল সামিম, ছাত্রনেতা প্রীতম দত্ত, সাগরদ্বীপ মালাকার, রূপাঙ্গন বাজপাই-সহ সংগঠনের অন্যান্য ছাত্রনেতারা। বিক্ষোভ শেষে আন্দোলনকারীরা জানান, জুবাইদা মৃত্যুর ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর গণআন্দোলনের পথে হাঁটবে এসএফআই।








