প্রগতি ত্রিপুরা, ২৬ জুলাই, ২০২৬: কারগিল বিজয় দিবস উপলক্ষে আগরতলা মহিলা বিশ্ববিদ্যালয়ের এনএসএস (NSS) ইউনিটের উদ্যোগে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। এই বিশেষ দিনে দেশের নিরাপত্তায় নিরলসভাবে নিয়োজিত ভারতীয় সেনাবাহিনীর বীরত্ব ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে এবং সম্মানের অংশ হিসেবে পূর্ব আগরতলা থানার পুলিশ কর্মীদের জাতীয় পতাকার ব্যাজ পরিয়ে সংবর্ধিত করা হয়।
অনুষ্ঠানে এনএসএস-এর স্বেচ্ছাসেবীরা দেশপ্রেম, বীর শহিদদের স্মৃতি এবং জাতীয় ঐক্যের বার্তা তুলে ধরেন। কর্মসূচির গুরুত্ব ব্যাখ্যা করে মহিলা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী জানান, কারগিলের বীর শহিদ ও ভারতীয় সেনাবাহিনীর মহান আত্মত্যাগকে স্মরণ করতেই তাদের এই প্রয়াস। পাশাপাশি, প্রতি মুহূর্তে দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সকল বাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করাই ছিল এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য।
উক্ত আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এনএসএস ইউনিটের সদস্য ও স্বেচ্ছাসেবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং পূর্ব আগরতলা থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মীরা উপস্থিত ছিলেন। পুরো কর্মসূচিটি এলাকায় এক গভীর দেশপ্রেম ও জাতীয় সংহতির আবহ তৈরি করে।








