নিট ইস্যুতে প্রধানমন্ত্রীর স্বচ্ছতার প্রশংসায় মুখ্যমন্ত্রী মানিক সাহা; বিরোধীদের কড়া সমালোচনা

প্রগতি ত্রিপুরা, ২৩ জুলাই, ২০২৬: ​বিতর্কিত ‘নিট’ (NEET) পরীক্ষা সংক্রান্ত বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের পদক্ষেপের ভূয়সী প্রশংসা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যে পদক্ষেপই নেন না কেন, তা অত্যন্ত স্বচ্ছতা ও দৃঢ়তার সাথে সম্পন্ন করেন।
​মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা জানান, নিট পরীক্ষা সংক্রান্ত গড়মিল ও অসচ্ছতার অভিযোগ সামনে আসতেই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক অত্যন্ত দ্রুততার সাথে কড়া পদক্ষেপ নিয়েছে। দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে প্রয়োজনীয় ফাস্ট-ট্র্যাক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর ফলে খুব দ্রুতই সঠিক সিদ্ধান্ত ও ফলাফল সামনে আসবে বলে তিনি আশাপ্রকাশ করেন।
​একই সাথে বিরোধীদের রাজনৈতিক অবস্থানের তীব্র সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘ইন্ডি’ (I.N.D.I.A) জোটের দলগুলো দেশের শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে রাজনীতি করছে। সংসদে বিষয়টি নিয়ে সরকার আলোচনার প্রস্তাব দিলেও বিরোধীরা সেখানে আলোচনা না করে বাইরে বিক্ষোভ ও বিভ্রান্তি ছড়ানোর পথ বেছে নিয়েছে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন বা সংবেদনশীল এলাকায় এ ধরনের বিক্ষোভ প্রদর্শন কোনো দায়িত্বশীল আচরণের পরিচয় দেয় না।
​মুখ্যমন্ত্রী আরও বলেন যে, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্র সরকার দেশের বিজ্ঞান, প্রযুক্তি, প্রতিরক্ষা ও শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে রকেটের গতিতে কাজ করে চলেছে। অন্যদিকে বিরোধীদের একমাত্র লক্ষ্য যেকোনো উপায়ে অস্থিতিশীলতা তৈরি করা, যা দেশের মানুষ মেনে নেবে না।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী