প্রগতি ত্রিপুরা, ২৩ জুলাই, ২০২৬: ধলাই জেলায় চলতি অর্থবছরে কেন্দ্র ও রাজ্য সরকারের যেসব উন্নয়নমূলক প্রকল্প রূপায়ণের কাজ চলছে সেই কাজগুলি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন কৃষি ও কৃষি কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। পাশাপাশি কাজের স্বচ্ছতা ও গুণগতমান বজায় রাখার উপরও তিনি গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় রেখে উন্নয়নমূলক কাজ দ্রুত বাস্তবায়ন করতে হবে। সম্মিলিত প্রয়াসে সংশ্লিষ্ট এলাকার উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে হবে। আজ ধলাই জেলার জেলাশাসক কার্যালয়ের সভাকক্ষে ধলাই জেলা এলাকায় কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প রূপায়ণের বিষয়ে তিনি এই নির্দেশ দেন।
সভায় সভাপতিত্ব করেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। এছাড়া সভায় উপস্থিত ছিলেন ধলাই জিলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, সহকারী সভাধিপতি অনাদি সরকার, বিধায়ক মনোজ কান্তি দেব, বিধায়ক শম্ভুলাল চাকমা, বিধায়ক পল দাংশু, বিধায়ক নন্দিতা দেববর্মা রিয়াং, বিধায়ক স্বপ্না দাস পাল, এমডিসি ধনঞ্জয় ত্রিপুরা, এমডিসি ক্ষত্রজয় রিয়াং, এমডিসি হলিউড চাকমা, এমডিসি ইসমেলজয় ত্রিপুরা, এমডিসি রতিশ ত্রিপুরা, এমডিসি রাজেশ্বর দেববর্মা, আমবাসা পুরপরিষদের চেয়ারপার্সন ও ভাইস চেয়ারপার্সন, কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন ও ভাইস চেয়ারপার্সন, জেলার অন্তর্গত পঞ্চায়েত সমিতি ও ভিলেজ কমিটির চেয়ারম্যানগণ, ধলাই জেলার জেলাশাসক বিবেক এইচ. বি., অতিরিক্ত জেলাশাসকগণ, জেলার অন্তর্গত মহকুমা শাসক ও বিডিওগণ, জেলা ও মহকুমা স্তরের আধিকারিকগণ। সভার শুরুতে ধলাই জেলার জেলাশাসক বিবেক এইচ. বি. এই জেলা এলাকায় চলমান উন্নয়নমূলক প্রকল্পগুলির কাজের তথ্য তুলে ধরেন।
সভায় কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উপঅধিকর্তা বলেন, ধলাই জেলায় পি.এম. কিষাণ প্রকল্পে ৪২ হাজার ৮৬ জন কৃষকের নাম নথিবদ্ধ করা হয়েছে। এরমধ্যে ৩৮ হাজার ৬৭৭ জন কৃষক পি.এম. কিষাণে উপকৃত হয়েছেন। এছাড়াও সভায় পানীয়জল ও স্বাস্থ্যবিধান, পূর্ত, বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা নিজ নিজ দপ্তরের উন্নয়নমূলক কর্মসূচির অগ্রগতি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন।








