জনস্বার্থ মূলক একাধিক সমস্যা নিয়ে উত্তর ত্রিপুরার জেলা শাসককে স্মারকলিপি সিপিআই(এম)-এর।।

প্রগতি ত্রিপুরা, ১৪ জুলাই, ২০২৬: উত্তর ত্রিপুরা জেলার একাধিক জ্বলন্ত জনস্বার্থমূলক সমস্যা সমাধানের দাবিতে জেলা শাসকের দ্বারস্থ হলো সিপিআই(এম) উত্তর Tripura জেলা কমিটি। মঙ্গলবার ধর্মনগরে জেলাশাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। এই স্মারকলিপিতে মূলত আবাস যোজনার অনিয়ম, রাস্তার বেহাল দশা এবং জেলা হাসপাতালের নানা সমস্যার কথা তুলে ধরা হয়েছে।
​সিপিআই(এম)-এর অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ)-এর উপভোক্তা তালিকায় ব্যাপক অনিয়ম হয়েছে।

বহু প্রকৃত যোগ্য ও গৃহহীন পরিবারকে বঞ্চিত করে অযোগ্যদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই তালিকার নিরপেক্ষ তদন্ত ও পুনরায় যাচাইয়ের দাবি জানিয়েছে দল। পাশাপাশি ধর্মনগর-কদমতলা, জুর কালভার্ট-লালছড়া, ধর্মনগর-হাফলং এবং কদমতলা-রাণীবাড়ি সহ পানিসাগরেরবেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থার দ্রুত সংস্কার ও নির্মাণকাজে মান নিয়ন্ত্রণের দাবি জানানো হয়।
​স্মারকলিপিতে উত্তর ত্রিপুরা জেলা হাসপাতালের বেহাল চিকিৎসা পরিষেবা নিয়েও ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব, অকেজো আইসিইউ, ডায়ালিসিস ইউনিটের সমস্যা, জেনারেটরের অচলাবস্থা এবং ব্লাড ব্যাংকে রক্তের ঘাটতির কথা উল্লেখ করা হয়। ​দলের পক্ষে অভিজিৎ দে জানান, “সাধারণ মানুষের স্বার্থেই এই দাবিগুলি উত্থাপন করা হয়েছে। আমরা চাই প্রশাসন দ্রুত এই বিষয়গুলির সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক।” এখন প্রশাসন এই স্মারকলিপির ভিত্তিতে কী ব্যবস্থা নেয়, সেদিকেই তাকিয়ে উত্তর ত্রিপুরার সাধারণ মানুষ।

Leave a Comment