সরকারি পাঠ্যপুস্তকে নজর! চুরি করতে গিয়েই নৈশপ্রহরীর হাতে আটক চোর!!।

প্রগতি ত্রিপুরা, ০৭ জুলাই,২০২৬: উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ের পাঠ্যপুস্তকের গুদামে চুরির চেষ্টা ভেস্তে দিলেন নৈশপ্রহরী। সোমবার গভীর রাতে সরকারি পাঠ্যপুস্তক চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়ে এক ব্যক্তি। ধৃতের নাম মিঠুন দাস। তার বাড়ি খোয়াই জেলার তেলিয়ামুড়া এলাকায়।কার্যালয়ের নৈশপ্রহরী রাজু বাসপার জানান,সোমবার রাত প্রায় ২টা নাগাদ তিনি সন্দেহজনক শব্দ শুনে গুদামের দিকে এগিয়ে যান।

সেখানে গিয়ে দেখেন,এক ব্যক্তি গুদাম থেকে পাঠ্যপুস্তক বের করে বাউন্ডারির পাশে জড়ো করছে। সঙ্গে সঙ্গেই তিনি ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করেন এবং বিষয়টি বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ের কর্তৃপক্ষকে জানান। পরে মঙ্গলবার সকালে ধৃতকে ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অন্যদিকে,ধৃত মিঠুন দাস প্রথমে দাবি করে,নেশাগ্রস্ত অবস্থায় সে সেখানে ঢুকে পড়েছিল। সে আরও জানায়,ধর্মনগর পূর্ববাজার এলাকায় পরিত্যক্ত বোতল সংগ্রহের কাজ করে।

তবে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে চুরির উদ্দেশ্যে গুদামে প্রবেশ করার কথা স্বীকার করে। এদিকে বিদ্যালয় পরিদর্শক জানান,দীর্ঘদিন ধরেই গুদামে পাঠ্যপুস্তকের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছিল। এই ঘটনার পর তাঁদের ধারণা,বই কমে যাওয়ার অন্যতম কারণ ছিল ধারাবাহিক চুরি। তিনি বলেন,শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি সরকারি কার্যালয়ে এ ধরনের ঘটনা ঘটবে,তা কখনও কল্পনাও করেননি। পরবর্তীতে ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধৃত মিঠুন দাসকে থানায় নিয়ে যায়।

উল্লেখ্য,সাম্প্রতিক সময়ে ধর্মনগর শহরে রাতের অন্ধকারে বাড়িঘর,সরকারি অফিস ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে এসির পাইপ,বৈদ্যুতিক তার সহ বিভিন্ন সামগ্রী চুরির ঘটনা বেড়েই চলেছে। একাধিক ঘটনার সিসিটিভি ফুটেজ মিললেও অনেক ক্ষেত্রেই চোরেরা এখনও পুলিশের ধরাছোঁয়ার বাইরে।

Leave a Comment