বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহপালিত গরুর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য

প্রগতি ত্রিপুরা, ০৬ জুলাই,২০২৬: উদয়পুর পূর্ব গকুলপুর এলাকায় বিদ্যুতের খুঁটির তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি গৃহপালিত গরুর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য! ঘটনাটি ঘটেছে সাধনা দয়াময় বৃদ্ধাশ্রম সংলগ্ন এলাকায়, যেখানে দীর্ঘদিন ধরে একটি বিপজ্জনক অবস্থায় ঝুলে থাকা বিদ্যুতের তার নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় ধজ্বনগর বিদ্যুৎ দপ্তরের অধীনস্থ একটি ট্রান্সফর্মার রয়েছে।

অভিযোগ, ট্রান্সফর্মার সংলগ্ন বিদ্যুতের খুঁটি থেকে একটি তার দীর্ঘদিন ধরে নিচের দিকে ঝুলে ছিল, যা যে কোনও সময় বড়সড় দুর্ঘটনার কারণ হতে পারত। এদিন সেই আশঙ্কাই বাস্তবে পরিণত হয়, যখন একটি গৃহপালিত গরু ওই তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, বহুবার বিদ্যুৎ দপ্তরকে বিষয়টি জানানো হলেও কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে অবহেলার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেন তারা।

স্থানীয়দের আরও অভিযোগ, দুর্ঘটনার পর বিদ্যুৎ দপ্তরে ফোন করে বিষয়টি জানানো হলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কোনও কর্মী বা আধিকারিক ঘটনাস্থলে পৌঁছাননি। এতে ক্ষোভ আরও বাড়ছে এলাকাবাসীর মধ্যে। এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে ভবিষ্যতে আরও বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে, যা মানুষের প্রাণহানির কারণও হতে পারে। তাই অবিলম্বে ঝুলে থাকা বিদ্যুতের তার মেরামত এবং দায়িত্বে গাফিলতি করা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। ঘটনাটি ঘিরে ধজ্বনগর বিদ্যুৎ দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এবং প্রশাসনের তরফে দ্রুত হস্তক্ষেপের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।

Leave a Comment